সরিষাবাড়ীতে বিদ্যুৎ কার্যালয় ঘেরাও, বিক্ষোভ
নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে জামালপুরের সরিষাবাড়ীতে গতকাল রোববার দুপুরে গ্রাহকেরা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) স্থানীয় বিদ্যুৎ কার্যালয় ঘেরাও করেন। এ সময় গ্রাহকেরা কার্যালয়ের ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেন।
গ্রাহক ও বিদ্যুৎ সরবরাহ কার্যালয় সূত্রে জানা গেছে, গত ৩১ মার্চ ভোর থেকে স্থানীয় বিদ্যুৎ সরবরাহ কার্যালয়ের ট্রান্সফরমারটি বিকল হয়ে যায়। এরপর থেকে পৌরসভার ১৫টি গ্রামে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। গতকাল দুপুর ১২টায় পৌরসভার মেয়র রোকনুজ্জানের নেতৃত্বে গ্রাহকেরা স্থানীয় বিদ্যুৎ সরবরাহ কার্যালয় দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত ঘেরাও করে রাখেন। একপর্যায়ে কার্যালয়ের ফটকে তালা ঝুলিয়ে দেওয়া হয়। এ সময় গ্রাহকেরা কার্যালয়ের সামনে বিদ্যুতের দাবিতে বিক্ষোভ করেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফ্লোরা বিলকিস জাহান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করেন।
ইউএনও বলেন, ‘বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় গ্রাহকেরা কার্যালয় ঘেরাও করেছিলেন। আমি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি।’ স্থানীয় বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের আবাসিক প্রকৌশলী জামাত আলী আকন্দ বলেন, ট্রান্সফরমার বিকল থাকায় বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হচ্ছে। দু-এক দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।