সরিষাবাড়ীতে স্থায়ী বাস টার্মিনাল নির্মাণ অনিশ্চিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার শিলা বাজার এলাকার অস্থায়ী বাস টার্মিনালে একটু বৃষ্টি হলেই পানি জমে যায়। গতকাল তোলা ছবি l প্রথম আলো
জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার শিলা বাজার এলাকার অস্থায়ী বাস টার্মিনালে একটু বৃষ্টি হলেই পানি জমে যায়। গতকাল তোলা ছবি l প্রথম আলো

জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার শিমলাবাজার এলাকায় স্থায়ী বাস টার্মিনাল নির্মাণে ২১ বছর আগে ৫০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। তবে জমি অধিগ্রহণ না করায় আজও এটি নির্মিত হয়নি। স্থানীয় লোকজনের অভিযোগ, পৌর মেয়রের অবহেলায় বরাদ্দ দেওয়া ওই টাকা পৌরসভার তহবিলেই পড়ে আছে। এতে এটি নির্মাণ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
সরিষাবাড়ী পৌরসভার মেয়র ফয়জুল কবীর তালুকদার জানান, ভূমি অধিগ্রহণ না হওয়ায় স্থায়ীভাবে বাস টার্মিনাল স্থাপনে বিলম্ব হচ্ছে। সরকারিভাবে ব্যক্তিমালিকাধীন ভূমি অধিগ্রহণ যত বিলম্ব হবে, বাস টার্মিনাল স্থাপন তত বিলম্ব হবে। তবে স্থায়ীভাবে বাস টার্মিনাল স্থাপনে শিগগিরই তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে জানান। তবে তাঁর অবহেলায় স্থায়ীভাবে বাস টার্মিনাল স্থাপনে বিলম্ব হচ্ছে, এমন অভিযোগের বিষয়ে পৌর মেয়র কোনো মন্তব্য করতে রাজি হননি।
জামালপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সরিষাবাড়ী আঞ্চলিক কার্যালয় ও পৌর এলাকার কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে, ১৯৯৪ সালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে সরিষাবাড়ীতে স্থায়ীভাবে বাস টার্মিনাল স্থাপনে ওই ৫০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। কিন্তু এখনো ভূমি নির্বাচন ও অধিগ্রহণের কাজ শুরু হয়নি। এ কারণে বাস টার্মিনাল নির্মাণের কাজ আটকে গেছে।এলাকাবাসী সূত্রে জানা গেছে, স্বাধীনতার পর থেকে পৌরসভার ২নং ওয়ার্ডের শিমলাবাজার এলাকায় প্রধান সড়কের পশ্চিম পাশে ১ একর ৫০ শতাংশ জায়গা অস্থায়ী বাস টার্মিনাল হিসেবে ব্যবহার হচ্ছে। এই জায়গার ৭৫ শতাংশ সরকারি ও ২৫ শতাংশ ব্যক্তিমালিকানাধীন। তবে এই অস্থায়ী বাস টার্মিনাল নিচু হওয়ায় বর্ষাকালে হাঁটুপানি জমে থাকে। তখন এটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে।
শিমলাবাজারের ব্যবসায়ী মুকুল শিকদার বলেন, ‘বাস টার্মিনাল না হওয়ায় ব্যবসা-বাণিজ্যে আমাদের দীর্ঘদিন ধরে অসুবিধা হচ্ছে। বাসচালক আলামিন মিয়া বলেন, ‘একটু বৃষ্টি হলে বাস টার্মিনালে হাঁটু পানি জমে যায়। সরিষাবাড়ী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল মালেক জানান, পৌর মেয়রের অবহেলায় বাস টার্মিনাল স্থাপন অনিশ্চিত হয়ে পড়েছে।
জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সরিষাবাড়ী আঞ্চলিক শাখার সভাপতি এম এ মান্নান বলেন, ব্যক্তিমালিকানাধীন জমি সরকারিভাবে অধিগ্রহণ না হওয়ায় স্থায়ীভাবে বাস টার্মিনাল নির্মাণে বিলম্ব হচ্ছে। সরিষাবাড়ী পৌরসভার সচিব আবু সাঈদ জানান, বরাদ্দ করা ৫০ লাখ টাকা পৌরসভার বাংলাদেশ কৃষি ব্যাংক সরিষাবাড়ী উপজেলা শাখায় সঞ্চয়ী হিসাবে জমা রয়েছে।
জামালপুর ভূমি অধিগ্রহণ শাখার কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেট পদ্মাসন সিংহ জানান, মেয়রের পত্র পেলেই ভূমি অধিগ্রহণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।