সরিষাবাড়ীতে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন!
জামালপুরের সরিষাবাড়ীতে গতকাল বুধবার দুপুরে উপজেলা পরিষদ কমপ্লেক্সে ইউনিয়ন পরিষদের (ইউপি) এক চেয়ারম্যান লাঞ্ছিত হয়েছেন।
এ ঘটনার প্রতিবাদে উপজেলার আটটি ইউপির চেয়ারম্যান উপজেলা পরিষদ আয়োজিত স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জনের ঘোষণা দিয়েছেন।
লাঞ্ছনার শিকার ওই চেয়ারম্যান, প্রত্যক্ষদর্শী ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল বেলা দুইটার দিকে ডোয়াউল ইউপির চেয়ারম্যান মাসুদ পারভেজ উপজেলা কমপ্লেক্স থেকে বের হওয়ার সময় প্রধান ফটকের সামনে একদল দুর্বৃত্ত তাঁর কাছে পাঁচ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করায় তারা চেয়ারম্যানকে এলোপাতাড়ি পেটায়। এ সময় আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
চেয়ারম্যান লাঞ্ছিত হওয়ার প্রতিবাদে ও দুর্বৃত্তদের গ্রেপ্তারের দাবিতে গতকাল উপজেলার আটটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৈঠক করে স্বাধীনতা দিবসের সব অনুষ্ঠান বর্জনের ঘোষণা দেন এবং হামলাকারী দুর্বৃত্তরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত উপজেলা প্রশাসনের মাসিক সভাসহ সব ধরনের কর্মসূচি বর্জনের সিদ্ধান্ত নেন।
উপজেলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের সভাপতি সামস উদ্দিন বলেন, ‘স্বাধীনতা দিবসের সব কর্মসূচি বর্জন করা হয়েছে। দুর্বৃত্তরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত উপজেলা প্রশাসনের মাসিক সমন্বয়সভাসহ সব কর্মসূচি বর্জন করা হবে।’
ডোয়াউল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ পারভেজ বলেন, ‘দুর্বৃত্তরা আমার কাছে পাঁচ হাজার টাকা চাঁদা দাবি করে। আমি চাঁদা দিতে অস্বীকার করলে তারা আমাকে মারপিট ও লাঞ্ছিত করে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফ্লোরা বিলকিস জাহান বলেন, ‘আমি বাইরে ছিলাম। এ ব্যাপরে কিছু জানি না।’