সরিষাবাড়ীতে হানাদারমুক্ত দিবস পালন
জামালপুরের সরিষাবাড়ীতে গতকাল শুক্রবার নানা কর্মসূচির মধ্য দিয়ে হানাদারমুক্ত দিবস পালন করা হয়েছে। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও উপজেলা আওয়ামী লীগের যৌথ উদ্যোগে দিবসটি পালিত হয়।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সূত্রে জানা গেছে, সকাল ১০টায় বাউসী মুক্তিযোদ্ধা বিজয় সরণি থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার নুরুল ইসলামের সভাপতিতে আলোচনা সভা হয়। এতে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন, সাধারণ সম্পাদক হারুন অর রশীদ, গিয়াস উদ্দিন পাঠান, আবদুল্লাহ, আবদুল হামিদ প্রমুখ।
নুরুল ইসলাম বলেন, ‘১৯৭১ সালে সরিষাবাড়ীর বিভিন্ন এলাকায় হানাদারেরা হামলা চালিয়ে নিরস্ত্র মানুষের ক্ষতি সাধন করে। ১৪৬ জন হানাদারের আত্মসমর্পণের মধ্যে দিয়ে এই দিনে আমরা সরিষাবাড়ীকে হানাদার মুক্ত করেছি।’