সরিষাবাড়ীতে হিন্দু সম্প্রদায়ের খাগড়িয়া উৎসব আজ
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার খাগড়িয়া কালীমন্দিরে আজ শনিবার দিনব্যাপী হিন্দু সম্প্রদায়ের বার্ষিক খাগড়িয়া উৎসব অনুষ্ঠিত হবে।
খাগড়িয়া কালীমন্দির সূত্রে জানা গেছে, প্রায় ২০০ বছর ধরে উপজেলার মহাদান ইউনিয়নের খাগড়িয়া কালীমন্দিরে প্রতিবছর খাগড়িয়া উৎসব হয়ে আসছে। আজকের অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে পূজা অর্চনা, ধর্মীয় নাট্যানুষ্ঠান, প্রতিমা বিসর্জন, বিশ্বশান্তি ও মানবকল্যাণে গীতাযজ্ঞ, সাংস্কৃতিক অনুষ্ঠান, কালীপূজা ও প্রসাদ বিতরণ।
খাগড়িয়া উৎসব উপলক্ষে ঝিনাই নদীর তীরে বিশাল এলাকাজুড়ে দিনব্যাপী মেলা বসে। উৎসব উদ্বোধন করবেন স্থানীয় সাংসদ মামুনুর রশিদ জোয়ার্দার।
উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক ও খাগড়িয়া কালীমন্দির পরিচালনা পর্ষদের সদস্য সনজিত প্রসাদ সাহা জানান, ২০০ বছর ধরে খাগড়িয়া উৎসব হয়ে আসছে। এ বছরও অনুষ্ঠানের সব প্রস্তুতি নেওয়া হয়েছে।
মন্দিরের সভাপতি রমেশ চন্দ্র সূত্রধর জানান, বাংলাদেশের বিভিন্ন জেলা ছাড়াও ভারত থেকে হিন্দু সম্প্রদায়ের ভক্তরা প্রতিবছর খাগড়িয়া উৎসবে যোগ দেন।