সরিষাবাড়ীর বিদ্যালয় মাঠে ১৪৪ ধারা
জামালপুরের সরিষাবাড়ীতে বাটিকামারী উচ্চবিদ্যালয়ের মাঠে আজ বৃহস্পতিবার ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এ নির্দেশ বহাল থাকবে।
১৪৪ ধারা জারি করা আদেশপত্র সূত্রে জানা গেছে, বিএনপির সাবেক মহাসচিব মরহুম আবদুস সালাম তালুকদারের ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ উপজেলার বাটিকামারী উচ্চবিদ্যালয়ের মাঠে এক স্মরণসভার পরিকল্পনা করে আওনা ইউনিয়ন বিএনপি। এ জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছ থেকে ১৮ আগস্ট অনুমতি নেয় দলটি।
একুশে আগস্ট গ্রেনেড হামলায় নিহত ব্যক্তিদের স্মরণে সভা করার অনুমতি চেয়ে ১৯ আগস্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে চিঠি দেয় ইউনিয়ন আওয়ামী লীগ। তাদেরও মাঠ ব্যবহারের অনুমতি দেওয়া হয়।
আজ একই দিনে দুই দলের স্মরণসভাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ রায়হান বিদ্যালয়ের মাঠে সকাল-সন্ধ্যা ১৪৪ ধারা জারি করেছেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম এলাহী আখন্দ জানান, ১৪৪ ধারা জারির কারণে বিদ্যালয়ের পাঠদান বন্ধ রয়েছে।
ইউএনও পারভেজ রায়হান জানান, আওয়ামী লীগ-বিএনপির মধ্যে সহিংসতা এড়াতে আজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাটিকামারী উচ্চবিদ্যালয়ের মাঠ ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।