জমি নিয়ে বিরোধের জের ধরে জামালপুরের সরিষাবাড়ীতে গতকাল বুধবার এক পক্ষের লোকজন অপর পক্ষের বাড়িতে হামলা চালিয়ে ১১টি বসতঘর পুড়িয়ে দিয়েছে। এ সময় ১০ জন আহত হন। পুলিশ ও এলাকাবাসী জানান, উপজেলার হাটবাড়ি গ্রামের মুসলিম উদ্দিন ও জামাল উদ্দিনের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। বিরোধপূর্ণ ওই জমি দখল করতে গতকাল দুপুরে মুসলিম উদ্দিন ভাড়াটে সন্ত্রাসী নিয়ে জামাল উদ্দিনের বাড়িতে হামলা চালান। এ সময় তাঁরা জামাল উদ্দিন ও তাঁর পরিবারের ১০ সদস্যকে পিটিয়ে আহত করেন। পরে তাঁরা জামাল উদ্দিনের বাড়ির ১১টি বসতঘর আগুন দিয়ে পুড়িয়ে দেন। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। জামাল উদ্দিন গতকাল বাদী হয়ে মুসলিম উদ্দিনসহ ১৫ জনের বিরুদ্ধে সরিষাবাড়ী থানায় মামলা দায়ের করেছেন। গতকাল সন্ধ্যায় জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার নিজাম উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন। মুসলিম উদ্দিন বলেন, ‘জমি দখল নিতে আমরা জামাল উদ্দিনের বাড়িতে হামলা চালিয়েছি।’ তবে তিনি জামাল উদ্দিনের বাড়ির ১১টি বসতঘর পুড়িয়ে দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন। সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম কামরুল আহসান প্রথম আলোকে জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।