সরিষাবাড়িতে সড়ক দুর্ঘটনায় নিহত ১
জামালপুরের সরিষাবাড়িতে চাকা খুলে একটি যাত্রীবাহী নছিমন উল্টে যাওয়ার ঘটনায় শামসুল হক (৬০) নামের এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আজ শুক্রবার বেলা দুইটার দিকে উপজেলার সাতপোয়া ইউনিয়নের নগদা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শামছুল হকের বাড়ী কাজীপুর উপজেলার খাসরাজবাড়ী ইউনিয়নের বিছিরগাছা গ্রামে। এ ঘটনায় আহত ব্যক্তিরা হলেন শিল্পি বেগম (২৫), ফরিদা বেগম (৪০) ও ফরহাদ আলী (২০)।
প্রত্যক্ষদর্শী ও নিহত ব্যক্তির পারিবারিক সূত্রে জানা যায়, বেলা দুইটার দিকে পৌরসভার আরামনগর বাজার থেকে যাত্রীবাহী একটি নছিমন আদ্রা গ্রামের উদ্দেশে ছেড়ে যায়। নগদা এলাকায় পৌঁছার পর চাকা খুলে গিয়ে নছিমনটি উল্টে যায়। এতে গাড়ির নিচে চাপা পড়েন চার যাত্রী। তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সা কর্মকর্তা শামছুল হককে মৃত ঘোষণা করেন।
সরিষাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বিল্লাল উদ্দিন জানান, নিহত শামছুল হকের পরিবার কোনো অভিযোগ না করায় এ ঘটনায় মামলা হয়নি।