সড়ক দুর্ঘটনায় জামালপুরের সরিষাবাড়ীতে গতকাল শুক্রবার মাধবী খাতুন (৭) নামে এক শিশু এবং চাঁদপুরের শাহ্রাস্তিতে বৃহস্পতিবার রাতে তাফাজ্জল হোসেন (৪২) নামের এক পল্লি চিকিৎসক নিহত হয়েছেন।এলাকাবাসীর কয়েকজন ও পুলিশ সদস্য জানান, দুপুরে সরিষাবাড়ী-ঢাকা মহাসড়কের করবাড়ী এলাকায় যাত্রীবাহী একটি বাস মাধবীকে চাপা দিয়ে দ্রুত চলে যায়। এতে ঘটনাস্থলেই সে নিহত হয়। মাধবী করবাড়ীতে নানা জুলহাস উদ্দিনের বাড়িতে বেড়াতে এসে এ দুর্ঘটনার শিকার হয়। তার বাড়ি টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলার সিরনগাজি গ্রামে। তাফাজ্জলের পরিবারের সদস্যরা জানান, তাফাজ্জল ওই দিন রাতে দোকান বন্ধ করে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। রাত ১২টার দিকে কুমিল্লা-চাঁদপুর মহাসড়কের চেঙ্গাচল এলাকায় পেছন থেকে একটি ট্রাক তাঁদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এ সময় তাফাজ্জল মোটরসাইকেল থেকে ছিটকে সড়কের পাশের খালে পড়ে যান। এতে ঘটনাস্থলে তিনি নিহত হন। তাফাজ্জলের বাড়ি উপজেলার টামটা উত্তর ইউনিয়নের চেঙ্গাচল গ্রামে।এ ঘটনায় মোটরসাইকেলচালক আজিজ উল্যাহর একটি পা ভেঙে গেছে। আজিজকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।