সরিষাবাড়ী-ঢাকা মহাসড়কে যান চলাচল শুরু
তিন দিন বন্ধ থাকার পর জামালপুরের সরিষাবাড়ী-ঢাকা মহাসড়কে গতকাল বৃহস্পতিবার বিকেল থেকে যান চলাচল শুরু হয়েছে। একই দিনে শুরু হয়েছে যমুনা সার কারখানার ১৯ জেলায় সার পরিবহন।
পুলিশ সূত্রে জানা গেছে, হাটবাজারের দরপত্রকে কেন্দ্র করে গত মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে মারধরের শিকার হন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, প্রজন্ম-৭১ সরিষাবাড়ী শাখার আহ্বায়ক ও তারাকান্দি ট্রাক ও ট্যাংকলরি মালিক সমিতির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম। প্রতিবাদে তাঁর সমর্থকেরা মঙ্গলবার দুপুরের পর যমুনা সার কারখানা থেকে ট্রাকে সার পরিবহন বন্ধ করে দেন। এতে ১৯ জেলায় সার সরবরাহ তিন দিন বন্ধ হয়ে যায়। এ ছাড়া সরিষাবাড়ী-ঢাকা মহাসড়কে দূরপাল্লার বাসসহ সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে রাখেন রফিকুলের সমর্থকেরা।
গতকাল দুপুরে তারাকান্দি পুলিশ তদন্তকেন্দ্রে অতিরিক্ত পুলিশ সুপার শরীফুল হকের সভাপতিত্বে এক বৈঠকে ওই ঘটনায় জড়িত ব্যক্তিদের শিগগিরই গ্রেপ্তারের আশ্বাস দিলে রফিকুল ইসলামের সমর্থকেরা সব ধরনের অবরোধ প্রত্যাহার করে নেন।