সরিষাবাড়ী থানার ওসি প্রত্যাহার
জামালপুরের সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলামকে গতকাল রোববার প্রত্যাহার করা হয়েছে। নারী কেলেঙ্কারির অভিযোগ তুলে তাঁর পদত্যাগ দাবি করে গতকাল এলাকাবাসী বিক্ষোভ মিছিল করলে তাঁকে প্রত্যাহার করা হয়। এলাকাবাসী সূত্রে জানা গেছে, ওসি আনোয়ারুল ইসলাম গতকাল বেলা ১১টার দিকে স্থানীয় শিমলাবাজারের পোদ্দারপট্টির বাসিন্দা প্রবাসী আ. হামিদের বাসায় ঢোকেন। সেখানে দুপুর একটা পর্যন্ত এলাকাবাসী তাঁকে অবরুদ্ধ করে রাখে। পরে পুলিশ তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এলাকাবাসীর অভিযোগ, সরিষাবাড়ী থানায় যোগদানের পর থেকেই ওই বাসায় সব সময় যাতায়াত করতেন ওসি আনোয়ারুল। ওই গৃহকর্ত্রীর সঙ্গে তাঁর অনৈতিক সম্পর্ক রয়েছে। বিকেলের দিকে ওসির পদত্যাগ দাবি করে এলাকাবাসী বিক্ষোভ মিছিল করে।জামালপুরের পুলিশ সুপার (এসপি) আবদুর রাজ্জাক গতকাল রাতে জানান, ওসি আনোয়ারুলকে জামালপুর পুলিশ লাইনে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। তদন্তের পর আইনি ব্যবস্থা নেওয়া হবে।