সরিষাবাড়ী পৌরসভায় কর্মবিরতি প্রত্যাহার
জামালপুরের সরিষাবাড়ীতে তিন দিন পর গতকাল রোববার সকাল নয়টায় পৌর কর্মচারীরা অনির্দিষ্টকালের জন্য ডাকা কর্মবিরতি প্রত্যাহার করেছেন।
পৌর মেয়র, কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারী সূত্রে জানা যায়, পৌরসভা কার্যালয়ে পৌরসভার মেয়র রুকনুজ্জামান ও কর্মচারী সুরুজ্জামানকে গত বৃহস্পতিবার উপজেলা ছাত্রলীগের সাবেক গণশিক্ষাবিষয়ক সম্পাদক আলামিন হোসেন ও তাঁর অনুসারীরা লাঞ্ছিত করেন। এর প্রতিবাদে কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীরা বৃহস্পতিবার দুপুর ১২টায় পৌরসভা কার্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন এবং অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা করেন।
কার্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়ায় পৌরসভার ৯টি ওয়ার্ডের ৩০ হাজার মানুষের বিভিন্ন নাগরিক সুবিধা বন্ধ হয়ে যায়। এতে নাগরিকদের দুর্ভোগ পোহাতে হয়।
পৌর কাউন্সিলর মোহাম্মদ আলী বলেন, ‘মেয়রের অনুরোধে পৌর নাগরিকদের কথা ভেবে আমরা কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছি।’
মেয়র রুকনুজ্জামান বলেন, ‘আমাকে ও কর্মচারীকে লাঞ্ছিত করার প্রতিবাদে কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীরা পৌরসভা কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়ে কর্মবিরতি ঘোষণা দিয়েছিলেন। নাগরিকদের দুর্ভোগের জন্য কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলে তিন দিন পর গতকাল কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে।
গত শুক্রবার প্রথম আলোয় ‘সরিষাবাড়ী পৌরসভার মেয়র লাঞ্ছিত’ শিরোনামে খবর ছাপা হয়।