সরিষাবাড়ী পৌরসভার মেয়রের ওপর হামলার ঘটনায় মামলা
জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার মেয়র ও উপজেলা যুবদলের নেতা ফয়েজুল কবির তালুকদারের ওপর হামলার অভিযোগে গতকাল রোববার আদালতে মামলা হয়েছে। ফয়েজুল কবিরের আইনজীবী আ. বারী জানান, আদালত মামলা গ্রহণ করে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।এ ঘটনায় গতকাল জামালপুর জেলা আদালতে দেলকোশ মিয়া (৩৫) নামের এক ব্যক্তিকে প্রধান আসামি করে নয়জনের নামে মামলা করেন মেয়র ফয়েজুল কবির। তিনি বলেন, ‘আমার ওপর হামলার ঘটনায় এই মামলা করেছি।’ মেয়রের ওপর হামলার প্রতিবাদে সরিষাবাড়ী পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা গত শনিবার থেকে কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালন করছেন। আগামীকাল মঙ্গলবার তাঁরা মানববন্ধন করবেন।সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম কামরুল আহসান বলেন, ‘আদালতে মামলা হওয়ার কথা শুনেছি।’ গত শুক্রবার রাতে মেয়রের ওপর হামলা হয়।