জামালপুরের সরিষাবাড়ী রেলওয়ে স্টেশনে স্টেশন মাস্টার না থাকায় গতকাল রোববার সকাল থেকে আন্তনগর ও লোকাল ট্রেনের টিকিট বিক্রি বন্ধ রয়েছে। সরিষাবাড়ী রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, গত ৩০ জুন স্টেশন মাস্টার মজিবর রহমান বারইপটল স্টেশনে চলে যাওয়ায় পদটি শূন্য হয়। ২০ আগস্ট সহকারী স্টেশন মাস্টার আসাদুজ্জামান অসুস্থতার কথা জানিয়ে ছুটিতে চলে যান। এদিকে স্টেশনে কোনো কর্মকর্তা-কর্মচারী না থাকায় সকাল সাতটা থেকে আন্তনগর অগ্নিবীণা ও যমুনা এবং দুটি লোকাল ট্রেনের টিকিট বিক্রি বন্ধ রয়েছে। এদিকে বারইপটল স্টেশন থেকে মজিবর রহমানকে ঢাকা কন্ট্রোলের নির্দেশে সরিষাবাড়ী রেলওয়ে স্টেশনে নিয়ে আসা হলেও কম্পিউটার চালনায় তাঁর অভিজ্ঞতা না থাকায় টিকিট বিক্রি সম্ভব হচ্ছে না। টিকিট বিক্রি বন্ধ থাকলেও ট্রেন চলাচল করছে।সরিষাবাড়ী রেলওয়ে স্টেশনের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত মাস্টার মজিবর রহমান বলেন, ‘আমাকে বারইপটল স্টেশন থেকে এই স্টেশনে আনা হয়েছে।’ তিনি আরও জানান, কম্পিউটার চালনার কোনো কর্মকর্তা-কর্মচারী না থাকায় সকাল থেকে টিকিট বিক্রি বন্ধ রয়েছে।