সরিষাবাড়ী স্টেশনের কার্যক্রম পাঁচ ঘণ্টা বন্ধ রাখা হলো
জামালপুরের সরিষাবাড়ী রেলওয়ে স্টেশনের কার্যক্রম গতকাল শনিবার প্রায় পাঁচ ঘণ্টা বন্ধ ছিল। স্থানীয় কিছু যুবকের হুমকি-ধামকির প্রতিবাদে টিকিট কাউন্টারসহ বিভিন্ন কক্ষে তালা ঝুলিয়ে স্টেশনের কার্যক্রম বন্ধ রাখা হয়। এতে দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের।স্টেশন সূত্র জানায়, ক্ষমতাসীন রাজনৈতিক দলের সঙ্গে জড়িত কয়েকজন ক্যাডারকে প্রতিদিন চাহিদামতো টিকিট সরবরাহ না করলে স্টেশন মাস্টার মজিবর রহমানকে গালাগাল ও হুমকি দেওয়া হতো। এর প্রতিবাদে গতকাল টিকিট কাউন্টারসহ বিভিন্ন কক্ষে তালা ঝুলিয়ে দেন স্টেশনের কর্মকর্তা-কর্মচারীরা। এতে ভোর ছয়টা থেকে বেলা ১১টা পর্যন্ত স্টেশনের কার্যক্রম বন্ধ থাকে। ভয়ে স্টেশনের সব কমকর্তা-কর্মচারী পালিয়ে যান। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ কামরুল হাসান স্টেশনে গিয়ে তালা ভেঙে কার্যক্রম চালু করেন।এদিকে স্টেশন বন্ধ থাকায় ভোগান্তিতে পড়ে যাত্রীরা। আন্তনগর যমুনা ট্রেনের যাত্রী রবিউল ইসলাম জানান, ভোরে এসেও বেলা ১১টার আগে তিনি টিকিট পাননি। ইউএনও কামরুল হাসান বলেন, ‘আমি খবর পেয়ে স্টেশনে গিয়ে কার্যক্রম চালু করি। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’স্টেশন মাস্টার মজিবর জানান, ‘এসব ক্যাডার প্রতিদিন ১৫ থেকে ২০টি করে টিকিট দাবি করত। পরে সেগুলো তারা কালোবাজারে বিক্রি করে দিত। তাদের চাহিদামতো টিকেট না দিলেই গালাগাল, হুমকি-ধামকি দিত। এই অত্যাচারের প্রতিবাদেই আমরা গতকাল পাঁচ ঘণ্টা কার্যক্রম বন্ধ রাখি।’ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সানোয়ার হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘ঘটনাটি আমার জানা নেই।’ এসব যুবকরা কারা? তা-ও তিনি জানেন না বলে দাবি করেন।