জামালপুরের সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি অত্যাধুনিক এক্স-রে ও ইসিজি মেশিন এবং একটি অ্যাম্বুলেন্স রয়েছে। কিন্তু দীর্ঘদিন ধরে এক্স-রে ও ইসিজি মেশিন এবং অ্যাম্বুলেন্সটি বিকল থাকায় রোগীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ ছাড়া এখানে ২০ জনের মধ্যে মাত্র সাতজন চিকিৎসক রয়েছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, এক্স-রে ও ইসিজি মেশিন ৭ অক্টোবর থেকে বিকল হয়ে পড়ে আছে। দফায় দফায় চিঠির মাধ্যমে বিষয়টি স্বাস্থ্য অধিদপ্তরকে জানানো হলেও মেশিন দুটি সচল হচ্ছে না। প্রতিদিন শত শত রোগী এক্স-রে ও ইসিজি করতে না পেরে ফিরে যাচ্ছেন। ফলে দক্ষ টেকনিশিয়ান সারা দিন বসে অলস সময় কাটাচ্ছেন। গত ডিসেম্বর থেকে গাইনি বিশেষজ্ঞ অন্যত্র বদলি হয়ে যাওয়ায় প্রসূতিসেবাও বন্ধ রয়েছে। এ ছাড়া ৫ ডিসেম্বর থেকে শীতাতপনিয়ন্ত্রিত অ্যাম্বুলেন্সটিও বিকল হয়ে পড়ে আছে। এতে উপজেলা সদর থেকে গুরুতর রোগীদের জেলা সদরে নিয়ে যেতে দুর্ভোগ পোহাতে হচ্ছে।এক্স-রে বিভাগের টেকনিশিয়ান মো. হাবিবুল্লাহ জানান, এক্স-রে ও ইসিজি মেশিন দুটি বিকল থাকায় প্রতিদিন শত শত রোগী ফিরে যাচ্ছেন। বাইরের সেন্টারগুলোয় মাত্র ৫০ এমএম মেশিনে এক্স-রে ও ইসিজি করা হয়। হাসপাতালের মেশিন দুটি ৫০০ এমএমের। হাসপাতালে এক্স-রের জন্য লাগে ৭০ টাকা ও ইসিজির জন্য ৮০ টাকা। কিন্তু বাইরে লাগে ২০০ থেকে ৩০০ টাকা। এ ছাড়া দরিদ্র রোগীদের জন্য হাসপাতালে বিনা মূল্যে এক্স-রে ও ইসিজি করার সুযোগও আছে। এক্স-রে রোগী জেলেহা বেওয়া (৫৫) জানান, হাসপাতালের মেশিন নষ্ট থাকায় ২০০ টাকা দিয়ে বাইরের ক্লিনিক থেকে এক্স-রে করতে হয়েছে।ছাতারিয়া গ্রামের মন্টু মিয়া (৪২) বলেন, তাঁর এক শিশুসন্তানের হাত ভেঙে গেলে তাকে হাসপাতালে নিয়ে যান। কিন্তু বাইরে থেকে দুইবার এক্স-রে করাতে তাঁর ৪০০ টাকা খরচ হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এম এ ওয়াহাব প্রথম আলোকে জানান, এ ব্যাপারে স্বাস্থ্য অধিদপ্তরে দফায় দফায় চিঠি দিয়েও কাজ হচ্ছে না। চিকিৎসকসংকটের ব্যাপারে তাঁকে প্রশ্ন করা হলে তিনি বলেন, এখানে যেসব চিকিৎসক আসেন, তাঁরা কিছুদিন পরই বদলি হয়ে চলে যান। এ কারণে চিকিৎসকসংকট লেগেই আছে।জামালপুরের সিভিল সার্জন নারায়ণ চন্দ্র দে প্রথম আলোকে বলেন, মেশিন দুটিসহ অ্যাম্বুলেন্সটি সচল করতে অধিদপ্তরকে জানানো হয়েছে।