সরিষাবাড়ী হাসপাতালে বিদ্যুৎ নেই চার দিন, সীমাহীন দুর্ভোগ
জামালপুরের সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন ট্রান্সফরমার গত বৃহস্পতিবার রাতে স্থাপন করার পর ওই রাতেই ট্রান্সফরমার পুড়ে যায়। তাই গত চার দিন বিদ্যুৎ না থাকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শতাধিক রোগী ও চিকিৎসকদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।জানা গেছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুনভাবে ট্রান্সফরমার স্থাপন ও বৈদ্যুতিক মেরামত বাবদ দরপত্র আহ্বান করা হয়। পরে ৩০ লাখ টাকা ব্যয়ে ট্রান্সফরমার স্থাপন ও বৈদ্যুতিক মেরামতের দরপত্র পায় জামালপুরের তুর্জ এন্টারপ্রাইজ। গত বৃহস্পতিবার ঠিকাদার মীর্জা জিল্লুর রহমান কমপ্লেক্স চত্বরে ওই ট্রান্সফরমার স্থাপন করা হয়। রাতেই ট্রান্সফরটারটি পুড়ে যায়। ফলে স্বাস্থ্য কমপ্লেক্সে বিদ্যুৎ সংযোগ না থাকায় ভর্তি করা শতাধিক নারী-পুরুষ ও শিশু রোগীদের চার দিন ধরে দুর্ভোগ পোহাতে হচ্ছে।বিদ্যুৎ না থাকায় রোগীদের মোমবাতি ও কুপিবাতি জ্বালিয়ে অন্ধকার থেকে রক্ষা পেতে হচ্ছে। চৈত্রের প্রচণ্ড খরতাপে ও গরমে দুর্ভোগ পোহাতে হচ্ছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে নলকূপ না থাকায় দূর থেকে পানি এনে ব্যবহার ও পান করতে হচ্ছে।স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর জামালপুরের প্রকৌশলী মোহাম্মদ সেকান্দর আলী বলেন, ‘কমপ্লেক্সে বিদ্যুৎ চাহিদা পূরণের জন্য নতুনভাবে ৩০ লাখ টাকা ব্যয়ে ঠিকাদারের মাধ্যমে দরপত্র আহ্বান করে ঠিকাদারকে কাজ দেওয়া হয়। গত চার দিন কমপ্লেক্সে বিদ্যুৎ না থাকায় রোগীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে—এ বিষয়টি শুনেছি তবে শিগগির কমপ্লেক্স চত্বরে বিকল্পভাবে বিদ্যুৎসংযোগ দেওয়া হবে। স্বাস্থ্য কমপ্লেক্সের প্রসূতি বিশেষজ্ঞ চিকিৎসক নাহিদা পারভীন জানান, বিদ্যুৎসংযোগ না থাকায় প্রসূতি সেবায় অপারেশন বন্ধ রয়েছে।এ প্রসঙ্গে তুর্জ এন্টারপ্রাইজের মালিক ঠিকাদার মীর্জা জিল্লুর রহমান বলেন, ‘কমপ্লেক্সে নতুনভাবে ট্রান্সফরমার স্থাপন ও বিদ্যুৎ মেরামত বাবদ ১০ লাখ টাকা বরাদ্দ পেয়েছি।’ তিনি আরও জানান, দু-এক দিনের মধ্যে স্বাস্থ্য কমপ্লেক্সে বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে।