সরিষাবাড়ীতে আ.লীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ২০
জামালপুরের সরিষাবাড়ীতে গতকাল আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির তালিকা তৈরিকে কেন্দ্র করে উপজেলার ভাটারা বাজারের পালপাড়া এলাকায় এ সংঘর্ষ হয়।স্থানীয় সূত্র জানায়, উপজেলার ভাটারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন বাদল গতকাল অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি তালিকায় সচ্ছল ব্যক্তিদের নাম অন্তর্ভুক্তির প্রতিবাদ জানালে ওই ইউনিয়নের স্থানীয় সাংসদের প্রতিনিধি রফিকুল ইসলামের সঙ্গে তাঁর কথাকাটাকাটি হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এ সময় পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।এতে আহত হন খলিলুর রহমান, মিল্টন মিয়া, বুলবুল হোসেন, সুজন মিয়া, মঞ্জুরুল ইসলাম, জিয়াউল হক, রোজিনা খাতুন, রহিমা বেগম, মারুফ হোসেন, জুবায়েদ আলী, মিল্টন ও সুজন মিয়া। তাঁদের সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাঁদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় মিল্টন ও সুজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বোরহান উদ্দিন বলেন, স্থানীয় সাংসদের প্রতিনিধি রফিকুল ইসলাম অতি দরিদ্র ব্যক্তিদের জন্য কর্মসংস্থান কর্মসূচির আওতায় ধনী ব্যক্তিদের নাম অন্তর্ভুক্ত করায় তিনি প্রতিবাদ জানান। এতে তিনি ক্ষিপ্ত হয়ে তাঁর লোকজন এ হামলা চালায়। তবে এ অভিযোগ অস্বীকার করে রফিকুল ইসলাম বলেন, তিনি এবং তাঁর লোকজন কোনো হামলা করেননি।উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন বলেন, ‘স্থানীয় সাংসদের প্রতিনিধি কর্মসূচিতে ধনী ব্যক্তিদের অন্তর্ভুক্ত করায় স্থানীয় আওয়ামী লীগ এবং সাংসদের প্রতিনিধির লোকজনের মধ্যে সংঘর্ষ হয়েছে বলে শুনেছি।’ সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বলেন, এ ব্যাপারে থানায় এখনো কোনো মামলা হয়নি।