সরিষাবাড়ীতে আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষে আহত ৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ীতে গতকাল শনিবার দুপুরে আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র পদপ্রার্থী নূর-ই-আলমসহ উভয় পক্ষের সাতজন আহত হন। এ সময় বিএনপির নেতা-কর্মীরা আওয়ামী লীগের কার্যালয়ে হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, পৌরসভার ধানাটা গ্রামের যুবদলের কার্যনির্বাহী কমিটির সদস্য সেলিম রেজাকে মারধর করাকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার সূত্রপাত হয়। এ খবর ছড়িয়ে পড়লে উভয় দলের নেতা-কর্মীরা সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় নূর-ই-আলম, সেলিম রেজা, চান মিয়া, এরশাদ, উসমান আলী, শাহীন মিয়া ও পুলিশ সদস্য দেলোয়ার হোসেন গুরুতর আহত হন। তাঁদের সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ছাড়া ধাওয়া-পাল্টাধাওয়ার সময় পুলিশ ঘটনাস্থল থেকে পথচারী শাহীন ও কলেজছাত্র উসমান গনিকে আটক করে।