সরিষাবাড়ীতে আর্সেনিকের ছোবল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার আটটি ইউনিয়ন ও পৌরসভার ১৭টি গ্রামের দুই শতাধিক নারী-পুরুষ ও শিশু ভয়াবহ ব্যাধি আর্সেনিকে আক্রান্ত হয়ে পড়েছে।আর্সেনিক উপদ্রুত গ্রামগুলো হলো: উপজেলার ডোয়াইল ইউনিয়নের ডিগ্রিবন্দ, চাপারকোনা, গোবিন্দনগর, হাটবাড়ী; ভাটারা ইউনিয়নের ভাটারা, কুটুরিয়া, ফুলবাড়িয়া, ধোপাদহ, জয়নগর; পোগলদীঘা ইউনিয়নের গোবিন্দপটল, মালিপাড়া; মহাদান ইউনিয়নের বড়সরা, কামরাবাদের স্বাধীনাবাড়ী ও পৌরসভার ইজারাপাড়া, বাউসি উত্তর পাড়া, মধ্যপাড়া, গজারিয়া।খোঁজ নিয়ে জানা যায়, ডিগ্রিবন্দ গ্রামের সুজা মিয়া (৪৫) ১০ বছর ধরে এ ভয়াবহ ব্যাধিতে ভুগছেন। ওয়াজেদ আলী তরফদার এ রোগে আট বছর ধরে আক্রান্ত।ডিগ্রিবন্দ এলাকার বাসিন্দাদের দাবি, সম্প্রতি জরিনা বেগম (৪০), আন্না বেগম (৩৫) ও লালটু মিয়া (২৬) আর্সেনিকে আক্রান্ত হয়ে মারা গেছেন। ওই গ্রামের আমজাদ হোসেন (৫২) জানান, এই গ্রামের ৯৫ ভাগ নলকূপের পানিতে আর্সেনিক রয়েছে।২০০০ সালের ১ অক্টোবর পৌরসভার ইজারাপাড়া গ্রামের মুক্তিযোদ্ধা আবদুর রহমান (৫৫) আর্সেনিকে আক্রান্ত হয়ে মারা যান।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, এ পর্যন্ত ২৯ জন নারী-পুরুষ ও শিশু আর্সেনিকে আক্রান্ত রোগী হাসপাতালে এসে চিকিৎসা নিয়েছে। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে, ২০০৪ সালে বেসরকারি সংস্থা মাউস উপজেলা ও পৌরসভার এক হাজার ৩৪৬টি নলকূপের পানি পরীক্ষা করে আর্সেনিকের জীবাণু শনাক্ত করে।ডোয়াইল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাসুদ পারভেজ, ডিগ্রিবন্দ গ্রামকে আর্সেনিকমুক্ত করতে অতি দ্রুত পদক্ষেপ নিতে হবে।ডোয়াইল ইউনিয়নের ডিগ্রিবন্দ গ্রামের স্বাস্থ্য সহকারী তাহমিনা খাতুনের দাবি, আর্সেনিকে আক্রান্তদের ওষুধ নিতে বললেও তারা ওষুধ নিতে আসে না। উপজেলা জনস্বাস্থ্য বিভাগের উপসহকারী প্রকৌশলী নাসির উদ্দিন জানান, ২০০৪ সালের পরে সরিষাবাড়ীতে আর্সেনিক প্রতিরোধে সরকারিভাবে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এম এ ওয়াহাব জানান, ডিগ্রিবন্দ গ্রামকে আর্সেনিকে আক্রান্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ কামরুল হাসান প্রথম আলোকে জানান, এসব অঞ্চলে আর্সেনিক প্রতিরোধে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে।