সরিষাবাড়ীতে ইউএনও ও ভূমি কমিশনার নেই
জামালপুরের সরিষাবাড়ীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি) না থাকায় উপজেলার প্রশাসনিক কাজে স্থবিরতা দেখা দিয়েছে।
সহকারী কমিশনার (ভূমি) না থাকায় জমির নামজারি বন্ধ রয়েছে। এতে জমি বিক্রি বন্ধ থাকায় সরকার এই খাতে রাজস্ব পাচ্ছে না।
উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মালেক জানান, ইউএনও না থাকায় প্রশাসনিক কার্যক্রম ভেঙে পড়েছে।
ইউএনওর কার্যালয় ও জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১১ সালের ১৭ আগস্ট সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম পদোন্নতি পেয়ে চলে যান। এরপর ইউএনও পারভেজ রায়হান সহকারী কমিশনার (ভূমি) হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করে আসছিলেন। ইউএনও ৪ সেপ্টেম্বর ১৩ মাসের জন্য প্রশিক্ষণে বিদেশে চলে যান। তখন থেকে পদটি শূন্য।
জেলার সাতটি উপজেলার মধ্যে বর্তমানে সরিষাবাড়ী, মাদারগঞ্জ, মেলান্দহ, দেওয়ানগঞ্জ ও ইসলামপুর—এ পাঁচটি উপজেলায় সহকারী কমিশনারের (ভূমি) পদ শূন্য।
সরিষাবাড়ীর চর রৌহা গ্রামের আলম মিয়া বলেন, ‘নামজারির অভাবে জমি বিক্রি করতে পারছি না। তাই অসুবিধায় আছি।’ চর সরিষাবাড়ী গ্রামের ফজলুল হক (৪৮) জানান, নামজারি করাতে না পারায় তিনি জমি বিক্রি করতে পারছেন না।
উপজেলা ভূমি কার্যালয়ের নাজির সন্তোষ চন্দ্র দেবনাথ জানান, সহকারী কমিশনার (ভূমি) না থাকায় দুই শতাধিক নামজারির আবেদন জমা পড়ে আছে।
উপজেলা সাব-রেজিস্ট্রার মুজাহিদুল ইসলাম জানান, লোকজন নামজারি করাতে না পারায় জমি বিক্রিতে বিলম্ব হচ্ছে। আর দলিল না হওয়ায় রাজস্ব কমে গেছে।
জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সরিষাবাড়ীর ভারপ্রাপ্ত ইউএনও লুৎফুন্নাহার বলেন, ‘দুই ইউএনওর দায়িত্ব পালন করা আমার পক্ষে অসম্ভব হয়ে পড়েছে। সহকারী কমিশনার (ভূমি) না থাকায় অফিস সময়ের পরেও নামজারির জন্য অতিরিক্ত সময় অফিস করতে হয়।’
জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কবীর আল আসাদ প্রথম আলোকে জানান, পাঁচটি উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) না থাকায় সরকার রাজস্ব কম পাচ্ছে। জমির নামজারি করাতে বিলম্ব হচ্ছে।
জেলা প্রশাসক দেলওয়ার হায়দার বলেন, ইউএনও ও সহকারী কমিশনারের পদ শূন্য থাকার বিষয়ে সংস্থাপন মন্ত্রণালয়ে জানানো হয়েছে।