সরিষাবাড়ীতে ইউপি চেয়ারম্যান কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়কের পাশ থেকে ১১টি গাছ কেটে নেওয়ার অভিযোগে হওয়া মামলায় জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পিংনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল সোমবার তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন জামালপুর বিচারিক হাকিমের আদালত।
মামলা সূত্রে জানা গেছে, পিংনা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান খন্দকার মোতাহার হোসেন কারও অনুমতি না নিয়ে গত ১৩ জুলাই ওই সড়কের ১১টি গাছ কেটে ১৫ লাখ টাকা বিক্রি করে দেন। এ নিয়ে গত ১৫ জুলাই প্রথম আলোতে ‘ইউপি চেয়ারম্যান কেটে নিলেন সরকারি গাছ’ শিরোনামে প্রতিবেদন ছাপা হয়।
গাছ কাটার ঘটনায় ১ আগস্ট টাঙ্গাইলের গোপালপুর উপজেলার জাওয়াইল ইউনিয়নের বেড়াটাকি গ্রামের এস এম নুরুল ইসলাম জামালপুর বিচারিক হাকিমের আদালতে চেয়ারম্যান ও তাঁর বড় ভাই লুৎফর রহমানের বিরুদ্ধে মামলা করেন। যে জমিতে গাছ লাগানো হয়েছিল, সেই জমিটি তাঁদের বলে দাবি করে তিনি মামলাটি করেন। জাওয়াইল ইউনিয়নের পাশেই পিংনা ইউনিয়ন।