সরিষাবাড়ীতে এক দিনে আরও ১০ শিশু ডায়রিয়ায় আক্রান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ীতে গতকাল শনিবার সকাল নয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত পাঁচ ঘণ্টায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ১০ শিশু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, কয়েক দিন ধরে তীব্র শৈত্যপ্রবাহের কারণে উপজেলায় বিভিন্ন এলাকায় শিশুসহ নানা বয়সের মানুষ ডায়রিয়া ও নিউমোনিয়াসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে। গতকাল সকাল থেকে পাঁচ ঘণ্টায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ১৫ শিশু হাসপাতালে চিকিৎসা নিয়েছে। এর মধ্যে ৫ শিশু প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি চলে গেছে। বাকি ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলো সেংগুয়া গ্রামের প্রঝাতি (৩), জেরিন (১) ও ৯ মাসের শিশু ইয়াছিন, আদ্রা গ্রামের চার মাসের শিশু পারভেজ, মহাদান গ্রামের ১০ মাসের শিশু রাকিব, ঝালোপাড়ার ৪ মাসের শিশু রাগ, আদাচাকী গ্রামের ৪৭ দিনের শিশু জান্নাত, মালিপাড়া গ্রামের আট মাসের শিশু নয়ন বাবু, ফুলদহপাড়ার তিন মাসের শিশু জান্নাতি ও শিমলাপল্লীর প্রাপ্ত সরকার (২)।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘন কুয়াশায় জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে। শৈত্যপ্রবাহ বৃদ্ধি পাওয়ায় শিশুদের নিউমোনিয়া, ডায়রিয়াসহ নানা পানিবাহিত রোগ দেখা দিয়েছে। শীতবস্ত্র না থাকায় ছিন্নমূল মানুষের কষ্ট বেড়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মো. মমতাজ উদ্দিন বলেন, শীতের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত শিশুদের সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. ফজলুল হক বলেন, শিশুদের নিউমোনিয়া ও ডায়রিয়া থেকে রক্ষা পেতে সতর্ক থাকতে হবে। ঠান্ডা মাটিতে তাদের ছেড়ে দেওয়া যাবে না। গরম কাপড় পরাতে হবে। নিউমোনিয়া ও ডায়রিয়ার লক্ষণ দেখা দিলে সঙ্গে সঙ্গে শিশুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনতে হবে।

শৈত্যপ্রবাহের কারণে গত বৃহস্পতি ও শুক্রবার দুই দিনে শিশুসহ ২০ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছিল। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে শিশু রোগীর সংখ্যা বেশি ছিল। শুক্রবার ডায়রিয়ায় আক্রান্ত এক শিশুর মৃত্যু হয়।

এ বিষয়ে গতকাল প্রথম আলোয় ‘সরিষাবাড়ীতে ডায়রিয়ায় শিশুর মৃত্যু, আক্রান্ত ২০’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।