সরিষাবাড়ীতে কালবৈশাখী আট গ্রাম লন্ডভন্ড, আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরিষাবাড়ীতে গত শনিবার রাতে কালবৈশাখীতে সাতপোয়া, ডোয়াইল ও মহাদান ইউনিয়নের আটটি গ্রামের তিন শতাধিক কাঁচা-পাকা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এতে গাছপালা ও ঘরের নিচে চাপা পড়ে ১০ জন গুরুতর আহত হয়েছে।প্রত্যক্ষদর্শীসূত্রে ও সরেজমিনে দেখা যায়, উপজেলার সাতপোয়া ইউনিয়নের বাঘমারা, শিশুয়া; ডোয়াইল ইউনিয়নের চাপারকোনা, রায়দেরপাড়া, দোলভিটি, বালিয়া; মহাদান ইউনিয়নের সেঙ্গুয়া, শাহাপাড়াসহ আট গ্রামের তিন শতাধিক ঘরবাড়ি ঝড়ে বিধ্বস্ত হয়েছে। এসব গ্রামের লোকজন খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছে।কালবৈশাখীতে মহাদানের শেখ খলিলুর রহমান কারিগরি উচ্চবিদ্যালয়, সেঙ্গুয়া ফাজিল মাদ্রাসা ও পোগলদিঘা সরকারি প্রাথমিক বিদ্যালয় বিধ্বস্ত হওয়ায় এসব প্রতিষ্ঠানের পাঠদান বন্ধ রয়েছে। মাঘমারা গ্রামের বাবলু মিয়া (৫০) বলেন, ‘ঘরবাড়ি হারিয়ে আমরা পরিবার-পরিজন নিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছি।’শেখ খলিলুর রহমান কারিগরি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান জানান, ঝড়ে প্রতিষ্ঠান বিধ্বস্ত হওয়ায় পাঠদান বন্ধ রয়েছে। জামালপুর পল্লী বিদ্যুতের সরিষাবাড়ী জোনাল অফিসের সহকারী মহাব্যবস্থাপক মো. তৌহিদ উল্লা খান জানান, ঝড়ে ১০টি পিলার ভেঙে পড়ায় ১২টি গ্রামে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।ডোয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাসুদ পারভেজ বলেন, ‘কালবৈশাখীতে আমার ইউনিয়নের চারটি গ্রাম বিধ্বস্ত হয়েছে।’ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাইদুল হক জানান, ঝড়ে আটটি গ্রামের শতাধিক ঘরবাড়ি সম্পূর্ণরূপে বিধ্বস্ত এবং দুই শতাধিক আংশিক বিধ্বস্ত হয়েছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজ রায়হান জানান, ঝড়ে বিধ্বস্ত ও ক্ষতিগ্রস্ত তিন শতাধিক পরিবারের জন্য সাহায্য চাওয়া হয়েছে।