সরিষাবাড়ীতে কিশোরী ধর্ষণের শিকার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় গত শনিবার রাতে এক কিশোরী (১৫) গণধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে গতকাল রোববার সুবজ মিয়া নামের এক যুবককে আটক করেছে পুলিশ। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত শনিবার সন্ধ্যায় ওই কিশোরী তার এক বান্ধবীর সঙ্গে পৌর এলাকার গণময়দানে বৈশাখী মেলা দেখতে যায়। পরে সবুজ ও মিঠু নামের দুই যুবক ওই কিশোরীকে মোটরসাইকেলে উঠিয়ে নিয়ে যায়। রাতে পৌর এলাকার একটি কলেজের কক্ষে নিয়ে আট যুবক ওই কিশোরীকে ধর্ষণ করে। রাত ১২টার দিকে অচেতন অবস্থায় তাকে পৌর এলাকার পপুলার পাটকল কোম্পানি লিমিটেডের ফটকের সামনে ফেলে রেখে যায়। কিশোরী ওই পাটকলে শ্রমিকের কাজ করত। মায়ের সঙ্গে ওই কলোনিতে থাকত সে। পরে জ্ঞান ফিরলে সে চিৎকার দেয়। পাটকলের শ্রমিকেরা তাকে উদ্ধার করে কলোনিতে নিয়ে যান। শ্রমিক ইউনিয়নের নেতাদের বিষয়টি জানানো হয়। এ ঘটনার সত্যতা নিশ্চিত করে পপুলার পাটকল শ্রমিক ইউনিয়নের সভাপতি আলফাজ উদ্দিন প্রথম আলোকে বলেন, এ ঘটনায় জড়িত যুবকদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার। আটক সবুজের (২৭) বাড়ি উপজেলার সেংগুয়া গ্রামে। কিন্তু তিনি সদরে বাসা নিয়ে থাকতেন।