সরিষাবাড়ীতে গরু ব্যবসায়ীর লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পিংনা ইউনিয়নের রাধানগর এলাকার যমুনা নদী থেকে গতকাল সোমবার দুপুরে আবদুস সালাম নামে এক গরু ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।পুলিশ ও সালামের পারিবারিক সূত্র জানায়, ময়মনসিংহের মুক্তগাছা উপজেলার যাত্রাকি গ্রামের গরু ব্যবসায়ী সালাম গত শনিবার সকালে পিংনা নৌঘাট থেকে ইঞ্জিনচালিত নৌকায় করে সিরাজগঞ্জের নাটুয়ারপাড়ে গরুর হাটের উদ্দেশে রওনা দেন। সকাল ১০টার দিকে চৌমোহনী চন্দনপুর এলাকায় পৌঁছালে ডাকাত দল নৌকা লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় অন্যরা সাঁতরে তীরে উঠলেও সালাম ডুবে যান। নিখোঁজ হওয়ার দুই দিন পর গতকাল দুপুরে রাধানগর এলাকার যমুনা নদীতে তাঁর লাশ ভেসে উঠলে এলাকাবাসী পুলিশে খবর দেয়। বিকেলে তারাকান্দি থানার পুলিশ পরিবারের কাছে লাশ হস্তান্তর করে।