জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পিংনা গ্রামে গত বৃহস্পতিবার এক কলেজশিক্ষকের বাড়িতে শরুফা বেগম (১২) নামের এক গৃহকর্মী খুন হয়েছে। তাকে ধর্ষণ এবং জবাই করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই কলেজশিক্ষক ও তাঁর মাকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, শরুফাদের বাড়ি উপজেলার কাওয়ামারা গ্রামে। সে প্রায় এক বছর ধরে পিংনা সুজাত আলী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক বেনজামিন হোসেনের বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করে আসছে। প্রতিবেশীরা সন্ধ্যা সাতটার দিকে ওই বাড়িতে গিয়ে ঘরের দরজায় শরুফাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাঁরা পুলিশে খবর দেন। পুলিশ রাতেই শরুফার লাশ উদ্ধার করে জামালপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়। মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) তাহেরুল ইসলাম বলেন, মেয়েটিকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করা হয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে ধর্ষণ করে খুনের পর লাশ গুম করার চেষ্টা করা হচ্ছিল। এ ঘটনায় ওই দিন রাতেই শরুফার মা হেনা বেগম বাদী হয়ে হারুন অর রশিদকে প্রধান আসামি করে চারজনের নামে একটি হত্যা মামলা করেছেন। অন্য আসামিরা হলেন: হারুন অর রশিদের মা ছাহেরা বেগম, বড় দুই ভাই বেনজামিন হোসেন ও মামুন অর রশিদ। রাতেই ছাহেরা ও বেনজামিনকে গ্রেপ্তার করা হয়েছে। সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম কামরুল আহসান জানান, ছাহেরা ও বেনজামিনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।