সরিষাবাড়ীতে চাঁদা না দেওয়ায় দোকানে হামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় গতকাল সোমবার চাঁদা না দেওয়ায় একটি দোকানে হামলা ও ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এলাকাবাসী জানায়, উপজেলার ফয়েজের মোড় এলাকার কসমেটিকসের দোকানদার সাজু মিয়ার কাছে একদল দুর্বৃত্ত দীর্ঘদিন ধরে চাঁদা চেয়ে আসছিল। চাঁদা না দেওয়ায় দুপুরে দুর্বৃত্তরা দোকানে ভাঙচুর চালায় ও জিনিসপত্র লুট করে নিয়ে যায়। এ সময় বাধা দিলে তারা দোকানদার সাজু মিয়াকে মারধর করে। সাজু মিয়া জানান, ‘স্থানীয় সন্ত্রাসী জাকির হোসেন ও অপু মিয়া দীর্ঘদিন ধরে আমার কাছে পাঁচ হাজার টাকা চাঁদা চেয়ে আসছিল। ওই টাকা না দেওয়ায় তারা দোকানে হামলা চালিয়ে ভাঙচুর ও লুট করেছে।’জাকির হোসেন বলেন, ‘সাজুদের সঙ্গে আমাদের পারিবারিক দ্বন্দ্ব রয়েছে। তাই হামলা করেছি।’সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম কামরুল আহসান জানান, এ ব্যাপারে থানায় কেউ অভিযোগ করেননি।