সরিষাবাড়ীতে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর হাত ভেঙে দিল দুর্বৃত্তরা
জামালপুরের সরিষাবাড়ীতে চাঁদা না দেওয়ায় গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় এক সার ব্যবসায়ীর হাত ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। অভিযোগে জানা গেছে, উপজেলার আওনা ইউনিয়নে স্থল গ্রামের মোশাররফ হোসেন (৫০) যমুনা সার কারখানা এলাকায় ব্যবসা করে আসছিলেন। মঙ্গলবার যমুনা সার কারখানা থেকে নিজ গ্রামে যাওয়ার পথে জগন্নাথগঞ্জ পুরাতন ঘাটের তিন রাস্তার মোড়ে তাঁর মোটরসাইকেলের গতি রোধ করে একদল দুর্বৃত্ত ২০ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদা না পাওয়ায় দুর্বৃত্তরা এলোপাতাড়ি মারধর করে তাঁর বাম হাত ভেঙে রাস্তায় ফেলে চলে যায়। পরে পথচারীরা গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সে ভর্তি করে।ব্যবসায়ী মোশাররফ হোসেন জানান, ‘শাহিনুর রহমান, আবুবকর ও আমজাদ হোসেন নামে তিন দুর্বৃত্ত দীর্ঘদিন ধরে আমার কাছে চাঁদা চেয়ে আসছিল। চাঁদা না দেওয়ায় আমাকে পিটিয়ে হাত ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা।’