সরিষাবাড়ীতে ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগে বিক্ষোভ
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় গতকাল রোববার উপজেলা ছাত্রদলের এক নেতাকে ছাত্রলীগ নামধারী সন্ত্রাসীরা পিটিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।দলীয় সূত্রে জানা গেছে, উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুল আলিম গতকাল দুপুরে দলীয় কাজে উপজেলার ডাকঘর চত্বরে ফটোকপি করতে আসেন। পরে ফটোকপি করে মোটরসাইকেলযোগে যাওয়ার পথে পেছন দিক থেকে ছাত্রলীগ নামধারী শিপন মিয়া ও তার দলবল আলিমকে চোখ বেঁধে ফেলে। পরে তারা আলিমকে পিটিয়ে গুরুতর আহত করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে তাঁকে উদ্ধার করে। আলিমকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আবদুল আলিমের আহত হওয়ার খবর ছড়িয়ে পড়লে প্রতিবাদে উপজেলা ছাত্রদল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার, উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন আহাম্মেদ, উপজেলা ছাত্রদলের সভাপতি মো. শহিদুল্লাহ প্রমুখ। ফরিদুল কবির তালুকদার জানান, আবদুল আলিমকে ছাত্রলীগের সন্ত্রাসীরা পিটিয়ে গুরুতর আহত করেছে। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন জানান, ছাত্রলীগের কেউ আবদুল আলিমকে মারধর করেনি।