সরিষাবাড়ীতে ছাত্রলীগ নেতা জেলহাজতে
জামালপুরের সরিষাবাড়ী ডিগ্রি কলেজ শাখার ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসানকে গতকাল শনিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।গত শুক্রবার রাতে সরিষাবাড়ী রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। পরে স্থানীয় বিপুলসংখ্যক নেতা-কর্মী তাঁকে ছাড়িয়ে নিতে সরিষাবাড়ী থানা ঘেরাও করেন। রাতেই পুলিশের পদস্থ কর্মকর্তাদের হস্তক্ষেপে বিক্ষুব্ধ নেতা-কর্মীরা থানা ত্যাগ করেন। সরিষাবাড়ী রেলওয়ে স্টেশনের কাছে গত বুধবার পুলিশের সাবেক উপপরিদর্শক (এসআই) মুক্তিযোদ্ধা আবদুর রহমান সরকার সন্ত্রাসী হামলার শিকার হন। সন্ত্রাসীরা রড দিয়ে পিটিয়ে তাঁর হাত-পা ভেঙে দেন। তিনি ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন। আবদুর রহমান ওই ঘটনায় মাহমুদুল হাসান এবং তাঁর দুই সহযোগী শিহাব উদ্দিন ও মুনসুর আলীকে আসামি করে গত শুক্রবার সরিষাবাড়ী থানায় মামলা করেন। জামালপুর সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার এ কে এম সাইফুর রহমান প্রথম আলোকে বলেছেন, থানা ঘেরাও করার মতো কোনো পরিস্থিতির সৃষ্টি হয়নি।