সরিষাবাড়ীতে ট্রাকের চাপায় স্কুলছাত্র নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ীতে স্কুলে যাওয়ার পথে বালুবোঝাই একটি ট্রাকের চাপায় সিয়াম তালুকদার (১২) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছে। সিয়াম সরিষাবাড়ী আরডিএম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল।

আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ঢাকা-সরিষাবাড়ী মহাসড়কে এ ঘটনা ঘটে। স্থানীয় জনতা ট্রাকটি আটক করেছে।

নিহত সিয়ামের মামা নূর নবী বলেন, সিয়াম সকালে পৌরসভার আলহাজ পাটকলের সামনের বাসা থেকে সাইকেল নিয়ে স্কুলের দিকে রওনা হয়। সে মহাসড়কে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের উত্তর পাশে পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক তাকে চাপা দেয়। আহত অবস্থায় স্থানীয়রা সিয়ামকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাইফুর রহমান খান তাকে মৃত ঘোষণা করেন।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বিল্লাল উদ্দিন বলেন, ট্রাকটি আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।