সরিষাবাড়ীতে ট্রেন থেকে লাশ উদ্ধার
জামালপুরের সরিষাবাড়ীতে অগ্নিবীণা ট্রেন থেকে গতকাল শনিবার আবদুর রশিদ (৪৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।রশিদ উপজেলার সাতপোয়া ইউনিয়নের চুনিয়াপটল গ্রামের বাসিন্দা।পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, আন্তনগর অগ্নিবীণা ট্রেনটি তারাকান্দি থেকে ঢাকা যাওয়ার পথে সন্ধ্যায় সরিষাবাড়ীতে পৌঁছালে ট্রেনের ‘ক’ বগি থেকে রশিদের লাশ উদ্ধার করা হয়।রেলওয়ে সরিষাবাড়ী পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) আনোয়ার হোসেন জানান, ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা রশিদকে হত্যা করে ‘ক’ বগিতে রেখে যায়। রশিদের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। তাঁর লাশ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।সরিষাবাড়ী রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার নাদির হোসেন বলেন, ‘তারাকান্দি রেলওয়ে স্টেশন থেকে ট্রেনটি ছাড়ার সময় স্টেশনমাস্টার মো. মতিন আমাকে জানান ‘ক’ বগিতে একটি লাশ আছে।’