সরিষাবাড়ীতে ডায়রিয়ায় শিশুর মৃত্যু, আক্রান্ত ২০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ীতে গত দুই দিনে শিশুসহ ২০ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে শিশু রোগীর সংখ্যা বেশি। গতকাল শুক্রবার ডায়রিয়ায় আক্রান্ত এক শিশুর মৃত্যু হয়েছে।

 ডায়রিয়ায় মারা যাওয়া ওই শিশুর নাম ইসমাইল হোসেন (নয় মাস)। সে উপজেলার বালিয়া গ্রামের আলতাফ হোসেনের ছেলে।

 উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, এক সপ্তাহ ধরে তীব্র শৈত্যপ্রবাহের কারণে উপজেলার সাতপোয়া, পিংনা, আওনা, ডোয়াইল, পোগলদিঘা, কামরাবাদ, মহাদান, ভাটারা ও পৌর শহরের মানুষ নিউমোনিয়া, ডায়রিয়াসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে। গত দুই দিনে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে এখানে উপজেলার মহাদান এলাকার নজরুল ইসলাম (৫৩), বাউসীর ১০ মাসের শিশু রিতু, সাধিনাবাড়ীর আনোয়ারা বেগম (৫০), ইস্পাহানীর মুখলেছুর রহমান (৬০), হোসনে আরা বেগম (৪৫), শিমলা বাজারের সাত মাসের শিশু তমা দাস, আকলিমা বেগমসহ (২৫) ২০ জন রোগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক দেবাশীষ রাজবংশী বলেন, ডায়রিয়ায় আক্রান্ত হয়ে শিশুটি মারা গেছে। তবে হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটি মারা গেছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মো. মমতাজ উদ্দিন বলেন, শীত বেড়ে যাওয়ায় ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত শিশুর সংখ্যা বাড়ছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিবল্পনা কর্মকর্তা মো. ফজলুল হক বলেন, শীতকালে শিশুকে নিউমোনিয়া ও ডায়রিয়া থেকে রক্ষা করতে হলে তাদের ঠান্ডার মধ্যে ছেড়ে দেওয়া যাবে না। গরম কাপড় পরাতে হবে। নিউমোনিয়া ও ডায়রিয়ার লক্ষণ দেখা দিলে সঙ্গে সঙ্গে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসতে হবে।