সরিষাবাড়ীতে তিন দিন ধরে বাস চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ীর তারাকান্দি বাসস্টেশনে আওয়ামী লীগের কর্মীর হাতে বাসের দুই সহকারী লাঞ্ছিত হওয়ার প্রতিবাদে বাস শ্রমিক ইউনিয়ন তারাকান্দি-ভূয়াপুর সড়কে তিন দিন ধরে বাস চলাচল বন্ধ রেখেছে। ফলে গত শনিবার থেকে যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।আওয়ামী লীগের কর্মী কামাল হোসেন বলেন, বাস ঘোরানোর সময় ধাক্কায় মোটরসাইকেল থেকে তিনি পড়ে যান। তিনি দুই সহকারীকে মারধর করেননি বলেও দাবি করেন। টাঙ্গাইল জেলা বাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মীর লুত্ফর রহমান বলেন, এই মারধরের বিচার না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে। জামালপুর জেলা বাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মাহবুব আনাম জানান, এ ব্যাপারে গতকাল সোমবার তারাকান্দি বাসস্টেশনে জামালপুর ও টাঙ্গাইল জেলা শ্রমিক ইউনিয়নের নেতাদের বসার কথা থাকলেও তা হয়নি। তারাকান্দি বাস শ্রমিক ইউনিয়ন সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাত সাড়ে আটটায় বাস ঘোরানোর সময় পেছনে মোটরসাইকেলে থাকা আওয়ামী লীগের কর্মী কামাল হোসেনের সঙ্গে বাসের সহকারী রফিক ও বাবরের কথাকাটাকাটি হয়। এ সময় কামাল তাঁদের মারধর করেন বলে অভিযোগ ওঠে। রাতেই বাসশ্রমিকেরা এ ঘটনার প্রতিবাদ করে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেন।তারাকান্দির পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) তমিজ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।