জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় গত বৃহস্পতিবার রাতে দুই চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকদের সংঘর্ষে চার পুলিশ কর্মকর্তাসহ ২০ জন আহত হয়েছেন।পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, উপজেলার ভাটারা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিএনপি-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী হারুন-অর রশিদ খান ও ভাটারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান পদপ্রার্থী বোরহান উদ্দিনের সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। এ সময় দুই প্রার্থীর সমর্থকেরা উপপরিদর্শক (এসআই) শামসুল আলম ও আকবর হোসেনের দুটি মোটরসাইকেল ভাঙচুরসহ একটি পিকআপ ভ্যান ও দুটি নছিমন ভাঙচুর করেন। ওই দিন সন্ধ্যায় ভাটারা ইউনিয়নের গাবতলী বাজার এলাকায় হারুন-অর রশিদ খান নির্বাচনী প্রচারকাজে নামেন। ওই একই বাজারে বোরহান উদ্দিনও প্রচার চালাতে যান। পরে তাঁদের সমর্থকদের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে এই সংঘর্ষের ঘটনা ঘটে।আহত এসআই শামসুল আলম, আকবর হোসেন, সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুল কাদের ও শামীম মিয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ছাড়া আহত আকবর, ময়েন উদ্দিন, লিয়াকত আলী, সুজন মিয়া, টুটুল মিয়া, জালাল উদ্দিন, নূর মোহাম্মদ, হামু মিয়াকে স্থানীয়ভাবে ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়।হারুন-অর রশিদ খান বলেন, গাবতলী বাজারে নির্বাচনী প্রচার করতে গেলে প্রতিপক্ষ বোরহান উদ্দিনের সমর্থকেরা তাঁদের ওপর হামলা করেন। তবে বোরহান উদ্দিন এ অভিযোগ অস্বীকার করেছেন।সরিষাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) আসলাম উদ্দিন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।