জামালপুরের সরিষাবাড়ীতে আওয়ামী লীগের সন্ত্রাসীরা গত রোববার রাতে যুবদলের নেতা সুজন খানকে পিটিয়ে ও হাত-পায়ের রগ কেটে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
একই দিন যশোরে আওয়ামী লীগের দুই কর্মীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে জামায়াত-শিবিরের কর্মীদের বিরুদ্ধে। এর জের ধরে জামায়াতের এক কর্মীর বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়।
যুবদলের নেতার পরিবার ও দলীয় সূত্রে জানা গেছে, সুজন খান (৩২) সরিষাবাড়ী উপজেলার ভাটারা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ও ভাটারা গ্রামের চান খানের ছেলে। সুজন রোববার সন্ধ্যায় বাড়ি থেকে উপজেলা বিএনপির কার্যালয়ে সভায় যোগ দিতে যান। সভা শেষে বাড়ি ফেরার পথে বাউসী মুক্তিযোদ্ধা সরণি এলাকায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বোরহান উদ্দিন বাদলের নেতৃত্বে দলটির কয়েকজন ক্যাডার সুজনকে মোটরসাইকেলে তুলে নেয়। বাইসী বাঙ্গালী উচ্চবিদ্যালয়ের মাঠে নিয়ে নলকূপের হাতল দিয়ে পিটিয়ে তাঁর মাথা থেঁতলে দেওয়া হয়। পরে দুই পা ও হাতের রগ কেটে বাড়ির কাছে ফেলে যায়।
খবর পেয়ে সুজনের পরিবার ও স্বজনেরা তাঁকে উদ্ধার করে প্রথমে জামালপুর জেনারেল হাসপাতাল এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। গভীর রাতে তিনি মারা যান। ঘটনার পর থেকে বোরহান উদ্দিন পলাতক।
সুজনের বাবা চান খান অভিযোগ করে বলেন, ‘আমার ছেলেকে বাদলের নেতৃত্বে আওয়ামী লীগের সন্ত্রাসীরা পিটিয়ে ও হাত-পায়ের রগ কেটে নৃশংসভাবে হত্যা করেছে।’
সুজন হত্যার প্রতিবাদে উপজেলা বিএনপি খুনিদের গ্রেপ্তার ও উপযুক্ত বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করে। জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার বলেন, ‘সুজনকে আওয়ামী লীগের সন্ত্রাসীরা হত্যা করেছে।’
যশোরে দুই আ.লীগ কর্মীকে কুপিয়ে জখম: পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, যশোর সদর উপজেলার তেঘরিয়া গ্রামের
নতুন হাট এলাকায় রোববার রাত নয়টার দিকে জামায়াতের কয়েকজন কর্মী-সমর্থক আওয়ামী লীগের দুই কর্মীকে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছেন।
আহত ব্যক্তিরা হলেন নতুন হাট এলাকার আবুল খায়েরের ছেলে তোফায়েল হোসেন (২৪) ও জাহিদুল ইসলামের ছেলে টিপু সুলতান (২৫)। গুরুতর অবস্থায় তাঁদের যশোর ২৫০ শয্যার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তোফায়েল ও টিপুর লোকজন রাজু আহম্মেদ নামের জামায়াতের একজন কর্মীর বাড়িতে আগুন ধরিয়ে দেন।
এ সময় রাজুর স্ত্রী রাবেয়া বেগম তাঁর পাঁচ বছরের ছেলেকে নিয়ে বাড়ি ছেড়ে পালিয়ে যান। এ সময় রাজু বাড়িতে ছিলেন না। আগুন দেওয়ার পর দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে আসার আগেই কাঠের বেড়া ও টিনের ছাউনির বসতবাড়ি পুড়ে ভস্মীভূত হয়। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।