সরিষাবাড়ীতে পুলিশি হেফাজতে আসামির মৃত্যু
জামালপুরের সরিষাবাড়ীতে পুলিশি হেফাজতে তিন বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামির (৫৫) মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, সরিষাবাড়ী পৌরসভার চর বাঙ্গালী গ্রামের জবান আলী তরফদার ২০০৬ সালে ভাটারা ইউনিয়নের পারপাড়া গ্রামের শাহজাহান আলীর কাছ থেকে ৬০ হাজার টাকা ধার নেন। পরে জবান আলী ৪০ হাজার টাকা পরিশোধ করেন। বাকি টাকা না দেওয়ায় শাহজাহান আলী ২০০৬ সালে আদালতে জবান ও তাঁর স্ত্রী মালেকা বেগমের বিরুদ্ধে মামলা করেন। আদালত ২০০৭ সালে জবান আলীর অনুপস্থিতিতে তাঁকে তিন বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন। সাজা দেওয়ার পর থেকে তিনি পলাতক ছিলেন। ঈদের মধ্যে জবান আলী বাড়িতে আসেন। ঈদের ছুটি শেষে বৃহস্পতিবার অগ্নিবীণা ট্রেনে ঢাকা যাওয়ার জন্য সরিষাবাড়ী রেলস্টেশনে আসেন। খবর পেয়ে বিকেল পাঁচটায় পুলিশ সরিষাবাড়ী সেখানে গিয়ে জবান আলীকে গ্রেপ্তার করে। এ সময় পুলিশ তাঁর স্ত্রী মালেকা বেগম (৪৫), ছেলে আরিফুল ইসলাম (৯) ও মেয়ে চায়না খাতুনকেও (১০) থানায় নিয়ে আসে। বিকেল সোয়া পাঁচটায় পুলিশ জবান আলীকে থানাহাজতের সামনে নিয়ে গেলে তিনি অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। পরে পুলিশ তাঁকে পুলিশভ্যানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। বিকেল ৫টা ৩৫ মিনিটে সেখানে আবাসিক চিকিৎসা কর্মকর্তা মমতাজ উদ্দিন জবান আলীকে মৃত ঘোষণা করেন। রাত ১০টায় পুলিশ জবান আলীর লাশ ময়নাতদন্তের জন্য জামালপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই জবান আলীর মৃত্যু হয়েছে।
মালেকা বেগম অভিযোগ করেন, ‘থানায় আনার পর পুলিশ আমার স্বামীকে অন্য একটি কক্ষে নিয়ে যায়। সেখান থেকে আমি তাঁর চিৎকার শুনতে পেয়েছি।’ তবে জনাব আলীকে নির্যাতন করার অভিযোগ অস্বীকার করেছেন সরিষাবাড়ী থানার ওসি মো. রেজাউল ইসলাম খান।