সরিষাবাড়ীতে বকেয়া বেতনের দাবিতে পাটকলের শ্রমিকদের সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বকেয়া বেতনের দাবিতে জামালপুরের সরিষাবাড়ী-ঢাকা সড়ক অবরোধ করে রেখেছেন আলহাজ পাটকলের শ্রমিকেরা। ছবি: প্রথম আলো
বকেয়া বেতনের দাবিতে জামালপুরের সরিষাবাড়ী-ঢাকা সড়ক অবরোধ করে রেখেছেন আলহাজ পাটকলের শ্রমিকেরা। ছবি: প্রথম আলো

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় বকেয়া বেতন-বোনাসের দাবিতে সরিষাবাড়ী-ঢাকা সড়ক অবরোধ করে রেখেছেন আলহাজ পাটকলের শ্রমিকেরা। আজ বৃহস্পতিবার বেলা ১১টা থেকে অবরোধ শুরু হয়। বেলা একটার দিকে পুলিশের সঙ্গে শ্রমিকদের পাল্টাপাল্টি ধাওয়া হয়। এতে পাঁচজন নারী শ্রমিক আহত হয়েছেন।

শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জানান, পুলিশের পিটুনিতে পাঁচজন নারী শ্রমিক আহত হয়েছেন। ঘটনাস্থলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম গেছেন। তিনি মালিকপক্ষের সঙ্গে কথা বলে ঈদের আগে বকেয়া বেতন-ভাতা দেওয়ার ব্যবস্থা করবেন বলে শ্রমিকদের জানিয়েছেন।

অবরোধের কারণে সড়কের দুই পাশে যানজট হয়েছে। প্রায় চার কিলোমিটার যানজটে আটকে দুর্ভোগ পোহাচ্ছে মানুষ।

বেলা ১১টার দিকে শ্রমিকেরা গাড়ির টায়ার জ্বেলে ও গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করেন। এক হাজারের মতো শ্রমিক সড়ক ও আশপাশে অবস্থান নিয়েছেন।

শ্রমিকেরা বলছেন, ১৮ দিনের বকেয়া বেতন না দিয়ে গত ২১ জুলাই কারখানা বন্ধ করে দেয় মালিকপক্ষ। কারখানাটিতে প্রায় তিন হাজার শ্রমিক কাজ করতেন। তাঁরা ওই বকেয়া বেতন ও ঈদের বোনাস না দেওয়া পর্যন্ত সড়ক ছেড়ে যাবেন না।

আলহাজ পাটকলের শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বলেন, শ্রমিকদের বকেয়া বেতন ও বোনাস না দেওয়া পর্যন্ত সড়ক অবরোধ অব্যাহত থাকবে।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজেদুর রহমান বলেন, মালিকপক্ষের সঙ্গে কথা চলছে।