সরিষাবাড়ীতে বন্যার অবনতি রোপা আমনের ক্ষতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ীতে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে যমুনা, ঝিনাই ও সুবর্ণখালী নদীর পানি ব্যাপকভাবে বেড়েছে। এতে উপজেলার চারটি ইউনিয়নের ৩৫টি গ্রামের দেড় লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। ডুবে গেছে কয়েক হাজার বিঘা জমির রোপা আমন, মরিচ ও সবজি। ঘরবাড়ি ছেড়ে ক্ষতিগ্রস্ত লোকজন সড়ক, বাঁধ ও উঁচু স্থানে আশ্রয় নিয়েছে। এদিকে বন্যার পানির তোড়ে তারাকান্দি-ভূয়াপুর সড়ক বাঁধের রাধানগর থেকে কবলিবাড়ি পর্যন্ত ভেঙে যাওয়ার উপক্রম হয়। এ পরিস্থিতিতে গতকাল শনিবার রাতে এই সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় সূত্র জানায়, পাহাড়ি ঢলে তিন নদীর পানি বেড়ে যাওয়ায় সাতপোয়া, কামরাবাদ, পোগলদীঘা, পিংনা—এই চার ইউনিয়নের ৩৫টি গ্রামের মানুষ পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছে। চরজামিরা গ্রামের ফরহাদ ফকির জানান, ‘আমার পাঁচ বিঘা জমির রোপা আমন ধান পানিতে তলিয়ে গেছে।’ ছাতারিয়া গ্রামের আবুল মন্ডল জানান, তাঁর তিন বিঘা জমিতে লাগানো মরিচের চারা পানিতে ডুবে ক্ষতিগ্রস্ত হয়েছে। চর রৌহা গ্রামের আলম মিয়া বলেন, ‘বন্যায় আমার তিন বিঘা জমির মরিচের খেত নষ্ট হয়ে সব শেষ হয়ে গেছে। এখন আমি কী করে খামু, ক্যামনে বাঁচুম চিন্তা কইরা পাইতেছি না।’ উপজেলা কৃষি কার্যালয় সূত্র জানায়, বন্যায় পাঁচ হাজার হেক্টর জমির রোপা-আমন, তিন হাজার হেক্টর মরিচ, ৫০০ হেক্টর মাষকলাই ও এক হাজার হেক্টর সবজির খেত পানিতে তলিয়ে সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহামঞ্চদ আবদুল হাই জানান, স্থানীয় ৩০টি সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে বন্যার পানি ঢুকে পড়ায় পাঠদান বন্ধ রয়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুল হক বলেন, ‘বন্যার্তদের জন্য সরকারিভাবে কোনো সহায়তা পাওয়া যায়নি। তাই তাদের কোনো সাহায্য করতে পারছি না আমরা।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ রায়হান জানান, বন্যার্তদের ক্ষয়ক্ষতির বিষয়টি ওপরে জানানো হয়েছে।