সরিষাবাড়ীতে বহিরাগতদের সঙ্গে শিক্ষক-শিক্ষার্থীদের সংঘর্ষে ২০ জন আহত
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় গতকাল বুধবার একটি স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে বহিরাগতদের সংঘর্ষে শিক্ষকসহ ২০ জন আহত হয়েছে। এ ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা স্কুলে তালা ঝুলিয়ে দিয়েছে। এলাকাবাসী জানান, উপজেলার আওনা ইউনিয়নের পঞ্চাশী উচ্চবিদ্যালয় মাঠে গতকাল সকালে ক্রিকেট খেলার প্রস্তুতি নিচ্ছিল স্থানীয় কয়েকজন যুবক। অপরদিকে ১৫ মে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানের জন্য শিক্ষার্থীরা মাঠে শারীরিক কসরত করছিল। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে ওই যুবকদের প্রথমে কথা-কাটাকাটি ও পরে সংঘর্ষ বেধে যায়। তখন বিদ্যালয়ের শিক্ষকেরা এগিয়ে গেলে ওই যুবকেরা তাঁদের ওপরও হামলা চালায়। এতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুস ছাত্তারসহ পাঁচজন শিক্ষক এবং আরও ১৫ জন শিক্ষার্থী আহত হয়। তাদের স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।শিক্ষার্থীরা জানায়, হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচার না হওয়া পর্যন্ত তারা পাঠকক্ষে ফিরবে না। অভিভাবকেরা জানান, এই হামলার বিচার না হওয়া পর্যন্ত তাঁরা ছেলেমেয়েদের বিদ্যালয়ে পাঠাবেন না। আহত প্রধান শিক্ষক আবদুস ছাত্তার জানান, ঘটনা শুনতে গেলে ওই যুবকরেরা শিক্ষকদের ওপর চড়াও হয়।জানতে চাইলে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি সুরুজ মিয়া বলেন, শিক্ষকদের ওপর বখাটেরা হামলা চালিয়ে অপরাধ করেছে। সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল আহসান জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।