সরিষাবাড়ীতে বাঁধ রক্ষার দাবিতে সড়ক অবরোধ
যমুনা নদীর ভাঙন থেকে তারাকান্দি-ভূঞাপুর সড়কবাঁধ রক্ষার দাবি জানিয়েছেন জামালপুরের সরিষাবাড়ীর রাধানগর গ্রামের লোকজন। গতকাল বৃহস্পতিবার তাঁরা ওই সড়ক অবরোধ করে এ দাবি জানান। রাধানগর গ্রামের বাসিন্দারা জানান, উপজেলার পিংনা ইউনিয়নের পশ্চিম পাশে যমুনা নদী বয়ে গেছে। এ নদীর ভাঙনে গত ছয় মাসে পিংনা ইউনিয়নের ছয়টি গ্রাম বিলীন হয়ে গেছে। এখনই উদ্যোগ না নিলে বর্ষা মৌসুমে তারাকান্দি-ভূঞাপুর সড়ক ভেঙে যাবে। আর এ বাঁধ ভেঙে গেলে জামালপুর ও টাঙ্গাইল জেলা নদীগর্ভে চলে যাবে। এ কারণে তাঁরা গতকাল সকাল ছয়টা থেকে বাঁধের রাধানগর এলাকা অবরোধ করে রেখে এটি রক্ষার দাবি জানিয়েছেন। সকাল নয়টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ রায়হান বাঁধটি রক্ষার জন্য পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলে তাঁরা অবরোধ প্রত্যাহার করে নেন। পিংনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম জানান, সকাল ছয়টা থেকে নয়টা পর্যন্ত বাঁধ অবরোধ করে রাখা হয়। আগামী ১ মের মধ্যে বাঁধ সংস্কারের কাজ শুরু না হলে কঠোর আন্দোলনের ঘোষণা করা হবে। ইউএনও পারভেজ রায়হান বলেন, ‘আমার কাছ থেকে আশ্বাস পেয়ে এলাকাবাসী সড়ক অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে নেন। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।’