সরিষাবাড়ীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ১৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১৭ জন আহত হয়েছেন। এ সময় ১০টি বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। গতকাল রোববার দুপুরে পোগলদীগা ইউনিয়নের পুঠিয়ারপাড় গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা জানান, উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি-সমর্থিত প্রার্থী ফরিদুল কবীর তালুকদার জয়ী হন। এ উপলক্ষে তাঁর সমর্থকেরা গত শনিবার রাতে পুঠিয়ারপাড় গ্রামে খিচুড়ি ভোজের আয়োজন করেন। এ নিয়ে ওই গ্রামের মণ্ডলবাড়ীর হালিমের সঙ্গে একই গ্রামের তালুকদার বাড়ির আনিছের কথা-কাটাকাটি হয়। এ নিয়ে গতকাল দুপুরে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে কমপক্ষে উভয় পক্ষের ১৭ জন আহত হন। তাঁদের মধ্যে ১৬ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত আনিছুর রহমানকে ময়মনসিংহে পাঠানো হয়েছে। সংঘর্ষের সময় ১০টি বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগ ও লুটপাট করা হয়।
ফরিদুল কবীর তালুকদার বলেন, ‘নিজেদের মধ্যে ঘটনাটি ঘটেছে। বিষয়টি মীমাংসা করে দেব।’
সরিষাবাড়ী থানার ওসি এ কে এম কামরুল আহসান বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় গতকাল পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।