সরিষাবাড়ীতে বিএনপির নেতা-কর্মীদের ওপর নির্যাতনের অভিযোগ
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় বিএনপির নেতা-কর্মী ও সমর্থকদের ওপর আওয়ামী লীগের সমর্থকেরা ধারাবাহিকভাবে নির্যাতন করছে বলে অভিযোগ উঠেছে। জামালপুর শহর বিএনপির কার্যালয়ে গতকাল সোমবার দুপুরে জেলা বিএনপি আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ আনা হয়েছে। জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর মেয়র শাহ মো. ওয়ারেছ আলী সংবাদ সম্মেলনে বলেন, আওয়ামী লীগের সাংসদ মুরাদ হাসানের প্রত্যক্ষ মদদে তাঁর সমর্থক ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের সন্ত্রাসীরা বিএনপির কর্মীদের ওপর নানাভাবে নির্যাতন চালাচ্ছে। তারা গত চার দিনে কমপক্ষে ২০ জন বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীর বাড়িতে হামলা, লুটপাট ও ভাঙচুর চালিয়েছে। কয়েকজনকে পিটিয়ে গুরুতর আহত করেছে। তিনি এসব অত্যাচার-নির্যাতন বন্ধ করার জন্য স্থানীয় প্রশাসনের প্রতি দাবি জানান।সাংসদ মুরাদ হাসান বলেন, ‘বিগত জোট সরকারের আমলে অত্যাচার-নির্যাতনের শিকার হতে হয় আ.লীগ নেতা-কর্মী ও সমর্থকদের। তাদের প্রতিরোধে সরিষাবাড়ীতে সামাজিক আন্দোলন শুরু হয়েছে। এটা সাংসদের একার কোনো বিষয় নয়।’