সরিষাবাড়ীতে বিক্ষোভ মিছিল থেকে গুলিবর্ষণ, পুলিশের পাল্টা গুলি
জামালপুর জেলার সরিষাবাড়ীতে গতকাল বুধবার পৌরসভা নির্বাচনে মেয়র পদের প্রার্থিতা নিয়ে আওয়ামী লীগের একটি সমঝোতা বৈঠক ভণ্ডুল হয়ে গেছে। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর বিক্ষুব্ধ সমর্থকেরা দলীয় সাংসদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেন। মিছিল থেকে তাঁরা চারটি ফাঁকা গুলি ছোড়েন। পুলিশও পাল্টা দুটি ফাঁকা গুলি ছুড়ে নেতা-কর্মীদের ধাওয়া করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ নিয়ে সরিষাবাড়ীতে উভয় পক্ষের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। জানা গেছে, ১৭ জানুয়ারি সরিষাবাড়ী পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন দল থেকে মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মনির উদ্দিন ও বিদ্রোহী প্রার্থী পৌর আওয়ামী লীগের সদস্য নূর-ই-আলম। এ নিয়ে সেখানে দলীয় কোন্দল দেখা দেয়। বিষয়টি নিষ্পত্তি করার জন্য গতকাল সন্ধ্যায় সরিষাবাড়ী মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে সমঝোতা বৈঠক ডাকা হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি মো. শহীদুল্লাহ ও সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী, স্থানীয় সাংসদ মুরাদ হাসানসহ আওয়ামী লীগের সর্বস্তরের নেতা-কর্মীরা ওই বৈঠকে উপস্থিত ছিলেন। সাংসদ মুরাদ হাসান রাত আটটার সময় বৈঠকের শেষ দিকে দলের বিদ্রোহী মেয়র প্রার্থী নূর-ই-আলমকে নির্বাচন করা থেকে বিরত থাকার ও দলীয় প্রার্থী মনির উদ্দিনের পক্ষে নির্বাচনী প্রচারণা চালানোর দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেন। এ সময় প্রার্থী নূর-ই-আলম এর তীব্র প্রতিবাদ জানিয়ে বৈঠক থেকে বেরিয়ে পড়েন। বাইরে অপেক্ষমাণ তাঁর বিক্ষুব্ধ সমর্থকেরা সাংসদ মুরাদ হাসানের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের দিকে চারটি ফাঁকা গুলি এবং প্রচুর ইটপাটকেল ছুড়ে। এ নিয়ে সেখানে তীব্র উত্তেজনা দেখা দিলে পুলিশ পাল্টা দুটি শটগানের ফাঁকা গুলি ছুড়ে ও নেতা-কর্মীদের ধাওয়া করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ আহত হয়নি। পরে পুলিশ পাহারায় সাংসদ মুরাদ হাসান ও অন্য নেতারা মুক্তিযোদ্ধা সংসদ ত্যাগ করে স্থানীয় ডাকবাংলোয় আশ্রয় নেন। এ ঘটনার পর প্রার্থী নূর-ই-আলম প্রথম আলোকে বলেছেন, ‘বৈঠকে আমাকে সরে দাঁড়াতে বলায় আমি প্রতিবাদ করে বৈঠক থেকে বেরিয়ে আসি। বাইরে আমার সমর্থক ও কিছু উত্তেজিত জনতা গণ্ডগোল করেছে শুনেছি।’ তিনি আরও বলেন, ‘নির্বাচন এসে গেছে। এখন কি সরে দাঁড়ানো বা অন্য প্রার্থীর পক্ষে কাজ করার সময় আছে। আমি এত দিন মাঠে কাজ করে সরে দাঁড়াব কেন? সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন জানান, সমঝোতা বৈঠকে বিদ্রোহী প্রার্থী নূর-ই-আলমকে নির্বাচন করা থেকে বিরত থাকার এবং ঘোষিত প্রার্থী মনির উদ্দিনের পক্ষে কাজ করার সিদ্ধান্ত গৃহীত হয়। নূর-ই-আলম সেই সিদ্ধান্ত না মেনে বৈঠক ত্যাগ করে বেরিয়ে যান। তিনি তাঁর সমর্থকদের নিয়ে উসকানিমূলক স্লোগান দেন এবং গুলি ছোড়েন। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বলেন, সাংসদ এবং অন্য নেতাদের নিরাপত্তার কথা ভেবে পুলিশ দুটি গুলি ছুড়েছে। তবে পরিস্থিতি বর্তমানে শান্ত।