সরিষাবাড়ীতে বিদ্যুৎ না থাকায় বোরোতে সেচ বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার চারটি গ্রামে চার দিন ধরে বিদ্যুৎ না থাকায় দুই হাজার গ্রাহক দুর্ভোগ পোহাচ্ছেন। একই কারণে আড়াই শ বিঘা জমির বোরোর খেতে সেচ দেওয়া যাচ্ছে না।উপজেলা বিদ্যুৎ কার্যালয় সূত্রে জানা গেছে, গত রোববার ভোরে পৌরসভার শিমলাপল্লী এলাকার একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার পুড়ে যায়। এতে পৌরসভার শিমলাপল্লী, তাড়িয়াপাড়া, কোনাবাড়ি ও খাশুড়িয়া গ্রামে চার দিন ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। বিদ্যুৎ না থাকায় প্রচণ্ড গরমে এসব গ্রামের মানুষের ভীষণ সমস্যা হচ্ছে। একই কারণে এইচএসসি পরীক্ষার্থীদেরও লেখাপড়া ব্যাহত হচ্ছে। একই কারণে ১৫টি সেচপাম্পের অধীন আড়াই শ বিঘা জমির বোরোর খেতে পানি দেওয়া সম্ভব হচ্ছে না। এতে জমি ফেটে যাচ্ছে এবং চারা নষ্ট হয়ে যাচ্ছে।কৃষক সুরুজ্জামান জানান, জমিতে সেচ না দেওয়ায় তাঁর তিন বিঘা জমির ধানগাছ পুড়ে নষ্ট হয়ে যাচ্ছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ কামরুল হাসান জানান, আবাসিক প্রকৌশলীকে শিগগিরই ট্রান্সফরমার লাগানোর নির্দেশ দেওয়া হয়েছে। উপজেলা আবাসিক প্রকৌশলী মো. ইয়াহিয়া খান জানান, পুড়ে যাওয়া ট্রান্সফরমার মেরামতের জন্য ঢাকা পাঠানো হয়েছে। দু-এক দিনের মধ্যে ট্রান্সফরমার স্থাপন করা সম্ভব হবে।