সরিষাবাড়ীতে মদ ও গাঁজা উদ্ধার দুজনের কারাদণ্ড
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় অভিযান চালিয়ে মদ ও গাঁজাসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করে দুই মাদক ব্যবসায়ীকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া একজনের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে। আদালত সূত্রে জানা যায়, গতকাল বুধবার উপজেলার বয়ড়া বাজারের মুদি দোকানদার জহরের বাড়িতে অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ জহরকে গ্রেপ্তার করা হয়। একই বাজারে চন্দন মুদির বাড়িতে অভিযান চালিয়ে ১০ লিটার চোলাই মদসহ তাকে গ্রেপ্তার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ কামরুল হাসান মাদকদ্রব্য বিক্রির অভিযোগে জহর মুদিকে এক বছর ও চন্দন মুদিকে ছয় মাসের কারাদণ্ডের নির্দেশ দেন। এ ছাড়া শিমলাবাজার এলাকার অধীর কুমার পোদ্দারের মুদির দোকানে অভিযান চালিয়ে ১৭৭ বোতল বিয়ার ও তিন বোতল ভারতীয় হুইস্কি উদ্ধার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জামালপুরের পরিদর্শক নাছির উল্লাহ ভূঁইয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অধীরকে আসামি করে মামলা করেন। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ কামরুল হাসান এসব ঘটনার সত্যতা নিশ্চিত করেন।