সরিষাবাড়ীতে মন্দিরের মূর্তি ভাঙচুর
জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার লুইচ ড্রেফাসে অবস্থিত মহামায়া দুর্গামন্দিরে গত শুক্রবার রাতে একদল মাদকাসক্ত প্রবেশ করে লক্ষ্মীর মূর্তি দুই দফা ভাঙচুর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।মহামায়া দুর্গামন্দির সূত্রে জানা গেছে, র্যালি ও লুইচ এলাকায় দীর্ঘদিন ধরে মাদক বেচাকেনা ও মাদক সেবন বৃদ্ধি পাওয়ার বিভিন্ন ঘটনা ঘটছে।মহামায়া দুর্গামন্দিরের সভাপতি ননীগোপাল সাহা জানান, কে বা কারা রাতের আঁধারে মন্দিরে প্রবেশ করে দুই দফায় লক্ষ্মীর মূর্তি ভাঙচুর করে। তিনি আরও জানান, মাদকাসক্তরাই এ ঘটনা ঘটাতে পারে বলে ধারণা করা হচ্ছে। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ সরিষাবাড়ী শাখার সভাপতি রমেশ চন্দ্র সূত্রধর জানান, মন্দিরে যারা প্রবেশ করে মূর্তি ভাঙচুর করেছে, তারা এ সমাজের সভ্য কেউ নয়।সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম কামরুল আহসান জানান, ‘এ ব্যাপারে কেউ আমার কাছে অভিযোগ নিয়ে আসেনি।’ তিনি আরও জানান, অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।