সরিষাবাড়ীতে মামলা না নেওয়ায় মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় এক স্কুলছাত্রীকে আটকে রেখে নির্যাতনের ঘটনায় মামলা না নেওয়ার প্রতিবাদে ও নির্যাতনকারীকে আটক করার দাবিতে গতকাল সোমবার সমাবেশ ও মানববন্ধন হয়েছে। স্থানীয় শেখ খলিলুর রহমান উচ্চবিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা মানববন্ধন ও সমাবেশে অংশ নেন।বিদ্যালয়ের শিক্ষকেরা অভিযোগ করেন, তাঁদের বিদ্যালয়ের এক ছাত্রীকে সেংগুয়া গ্রামের ছানোয়ার হোসেন বিয়ের প্রস্তাব দিলে ওই ছাত্রী প্রস্তাব প্রত্যাখ্যান করে। এতে সানোয়ার ২ অক্টোবর ওই ছাত্রীকে একটি ঘরে আটকে রড দিয়ে এলোপাতাড়ি পেটায়। এলাকাবাসী তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে।নির্যাতনের শিকার হওয়া ছাত্রীর বাবার অভিযোগ, তিনি সরিষাবাড়ী থানায় লিখিত অভিযোগ করলেও পুলিশ গত ৩ দিনে সেটিকে মামলা হিসেবে আমলে নেয়নি।বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুল জলিল জানান, মামলা না নেওয়ার প্রতিবাদে এবং নির্যাতনকারী যুবককে আটক করার দাবিতে তাঁরা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন।বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো. রহমত আলী মাস্টারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন অধ্যক্ষ আবদুল্লাহ আল মামুন, প্রধান শিক্ষক আবদুল জলিল, মহাদান ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ খলিলুর রহমান প্রমুখ।সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম প্রথম আলোকে বলেন, তাঁরা ওই যুবককে আটক করার পর মামলা আমলে নিতে চেয়েছেন। কারণ আটকের আগে মামলা নিলে আসামি আদালত থেকে সহজেই জামিন নিয়ে বেরিয়ে আসবে। তাঁরা ওই যুবককে আটক করার চেষ্টা করছেন।