সরিষাবাড়ীতে যমুনায় বিলীন শতাধিক বাড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ২৪ ঘণ্টায় জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পিংনা ইউনিয়নের কবুলিবাড়ী, বাশুরিয়া ও রাধানগর গ্রামের শতাধিক ঘরবাড়ি যমুনা নদীতে বিলীন হয়ে গেছে। ভাঙনের হুমকির মুখে রয়েছে তারাকান্দি-ভূয়াপুর সড়কবাঁধ।এদিকে যমুনার ভাঙনের কবল থেকে তারাকান্দি-ভূয়াপুর সড়কবাঁধ রক্ষার দাবিতে পিংনা এলাকাবাসী গতকাল রোববার দুই ঘণ্টা ওই সড়ক অবরোধ করেন।গতকাল যমুনার ভাঙনকবলিত রাধানগরে গিয়ে জানা যায়, গত ২৪ ঘণ্টায় সুন্দরী বেওয়া (৬০), ফজলুল হক (৩০), শফিউদ্দিন (৪০), ইউসুফ আলী (৪০), হযরত আলী (৬০), দুদু মিয়ার (৫৮) ঘরবাড়ি যমুনায় বিলীন হয়ে গেছে।কবুলিবাড়ী গ্রামের আয়নাল হক (৪৫) বলেন, তাঁর চারটি ঘর যমুনায় বিলীন হয়ে গেছে।বাশুরিয়া গ্রামের জামাত আলী (৫০) জানান, নদীগর্ভে সবকিছু চলে যাওয়ায় তিনি পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন।পিংনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. নজরুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় তিনটি গ্রামের শতাধিক ঘরবাড়ি যমুনায় বিলীন হয়ে গেছে।এদিকে যমুনার ভাঙনের কবল থেকে তারাকান্দি-ভূয়াপুর সড়কবাঁধ রক্ষার দাবিতে এলাকাবাসী গতকাল সড়ক অবরোধ করেন। সকাল নয়টা থেকে দুই ঘণ্টা তারাকান্দি-ভূয়াপুর সড়ক অবরোধ শেষে পিংনা শামছুন্নাহার উচ্চবিদ্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য দেন পিংনা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান খন্দকার মোতাহার হোসেন, পিংনা সুজাত আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ সাইদুল হাসান ও আওয়ামী লীগের নেতা নজরুল ইসলাম।পিংনা ইউপির চেয়ারম্যান খন্দকার মোতাহার হোসেন বলেন, যমুনার ভাঙন প্রতিরোধ করা সম্ভব না হলে সরিষাবাড়ীর মানচিত্র থেকে পিংনা বিলীন হয়ে যাবে। পিংনা সুজাত আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ সাইদুল হাসান বলেন, এই সড়কবাঁধ রক্ষায় ও ভাঙনের কবল থেকে পিংনাবাসীকে রক্ষা করা না হলে অবরোধ, হরতালসহ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।তারাকান্দি-ভূয়াপুর সড়কবাঁধ রক্ষা করা না গেলে যমুনা সার কারখানা থেকে ১৬টি জেলায় সার পরিবহন বন্ধ হয়ে যাবে। এই সড়কবাঁধ থেকে যমুনার দূরত্ব এখন মাত্র ৪০ গজ।যমুনার পানি বৃদ্ধি পাওয়ায় ভাঙনের তীব্রতা বেড়েছে। আরও দুই শতাধিক পরিবার বাড়িঘর অন্যত্র সরিয়ে নিয়েছে। যমুনার ভাঙনে বাড়িঘর ও ভিটেবাড়ি হারিয়ে তিনটি গ্রামের কয়েক শ পরিবার তারাকান্দি-ভূয়াপুর সড়কবাঁধ, বিদ্যালয়ের মাঠ ও উঁচু স্থানে আশ্রয় নিয়েছে।বাশুরিয়া শামছুন্নাহার উচ্চবিদ্যালয়ের শিক্ষক সাইফুল ইসলাম জানান, বিদ্যালয়ের মাঠে ২০টি পরিবারকে আশ্রয় দেওয়া হয়েছে।তারাকান্দি-ভূয়াপুর সড়কবাঁধ, পিংনা কবি কায়কোবাদ জামে মসজিদ, শতবর্ষী পিংনা উচ্চবিদ্যালয়, পিংনা ইউপি কার্যালয়, পিংনা বাজারসহ বিভিন্ন স্থাপনা যমুনার ভাঙনের হুমকির মুখে রয়েছে।